নাটকীয় ম্যাচে গেতাফেকে হারাল রিয়াল মাদ্রিদ। নায়ক সেই কিলিয়ান এমবাপ্পে। তার একমাত্র গোলেই গেতাফেকে ১-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ।
৯ ম্যাচে ৮ জয়ে রিয়ালের পয়েন্ট ২৪। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল বার্সেলোনা।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন এমবাপ্পে। আর লা লিগায় প্রথম ৯ ম্যাচে করলেন ১০ গোল। গত ৭০ বছরে রিয়ালের হয়ে এই কীর্তি গড়েছিলেন-আলফ্রেড ডি স্টেফানো, অ্যামানসিও ও ক্রিস্তিয়ানো রোনালদো। তাদের পাশে নাম লেখালেন এমবাপ্পে।
ম্যাচের ৭৭ থেকে ৮৪-এই সাত মিনিটের মধ্যে লাল কার্ড দেখেন গেতাফের দুই ফুটবলার। এর মাঝে গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। ৭৬তম মিনিটে বদলি নামার ৪৪ সেকেন্ড পর ভিনিসিয়ুসকে কনুই দিয়ে ধাক্কা মেরে সরাসরি লাল কার্ড দেখেন নিওম।
গেতাফের খেলোয়াড়রা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। খেলা শুরু হতেই বদলি নামা আর্দা গুলেরের রক্ষণচেরা পাস ধরে বক্সে ঢুকে নেওয়া এমবাপ্পের শট গোলরক্ষকের হাত ছুঁয়ে জড়ায় জালে।

৮৪ মিনিটে ভিনিসিয়ুসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গেতাফের উইঙ্গার আলেক্স সানক্রিস। ৯ জনের দল নিয়ে আর পেরে উঠেনি তারা।
এদিকে প্রিমিয়ার লিগে নিজেদেরই মাঠ অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে লিভারপুল। এটা ৯ বছর পর লিভারপুলের মাঠে প্রথম জয় ইউনাইটেডের। আর টানা চতুর্থ হার লিভারপুলের। ১১ বছর পর প্রথমবারের মতো টানা চার ম্যাচ হারল তারা।
৬১ সেকেন্ডে ব্রায়ান এমবেউমোর গোলে লিড পেয়েছিল ইউনাইটেড। ৭৮ মিনিটে সমতা ফেরান কোডি গাকপো। ৮৪ মিনিটে হ্যারি ম্যাগুয়ারের হেডে করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

টানা চার হারের পর লিভারপুলের কোচ আর্নে স্লট লুকাননি নিজের হতাশাটা। ৪৫ কোটি পাউন্ডে দলে নতুন খেলোয়াড় কেনার পরও ছন্দটা খুঁজে না পাওয়ায় হতাশ স্লট, ‘‘টানা চার ম্যাচ হারলে উদ্বিগ্ন হতে হবে আপনাকে। এটা হতাশার।’’
গত মৌসুমে লিগের প্রথম ৮ ম্যাচে লিভারপুল গোল হজম করেছিল ৩টি। এবার করেছে ১১টি। এটা নিশ্চয়ই উদ্বেগের বর্তমান চ্যাম্পিয়নদের। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা এখন চার নম্বরে। সমান ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট ১৩।



