ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তনটা বড় জয়ে করেছিল বার্সেলোনা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আন্তর্জাতিক বিরতি শেষে প্রথম ম্যাচেই অবশ্য হোঁচট খেল। এলচের মাঠে ২-২ গোলে ড্র করেছে তারা। তবে এই ম্যাচের এক পয়েন্ট নিয়েই বার্সাকে পেছনে ফেলে লা লিগায় শীর্ষে এখন রিয়াল।
৫৩তম মিনিটে আলেশ ফেবাস এলচেকে এগিয়ে নেওয়ার পর ৭৮ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ডিন হাউসেন। কর্নার থেকে উড়ে আসা বল বেলিংহামের কাঁধে লেগে যায় আরেকটু সামনে, সেখানে ডান পায়ের শটে সমতা টানেন হাউসেন।
৮৪ মিনিটে আলভারো রদ্রিগেসের গোলে এলচে এগিয়ে যায় আবার। ৮৭ মিনিটে জুড বেলিংহামের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা। তার জোরাল শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকিয়ে ঠেকালেও ফিরতি বল চলে যায় দূরের এমবাপ্পের কাছে। তার কাটব্যাক পেয়ে গোলমুখ থেকে দ্বিতীয় প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন বেলিংহাম।

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের মাঠে ১-০ ব্যবধানে হারের পর, ঘরোয়া লিগে রায়ো ভায়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল রিয়াল। তারা জিততে পারল না রবিবারও।
১৩ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। অথচ দুই রাউন্ড আগেও ৫ পয়েন্টে এগিয়ে ছিল জাবি আলোনসোর দল।
ইতালিয়ান সিরি ‘এ’তে মিলান ডার্বিতে হেরে গেছে ইন্টার। সান সিরোয় তাদের ১-০ গোলে হারিয়ে দুইয়ে উঠে এসেছে এসি মিলান। ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ান পুলিসিক। ইন্টার পেনাল্টি থেকে গোল পেলে অন্যরকম হতে পারত ম্যাচের ভাগ। কিন্তু হাকান কালহানোগলুর শট দলকে দারুণ নৈপুণ্যে পেনাল্টি ঠেকিয়ে দিলেন মাইক মিয়াঁ।

১২ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে এসি মিলানের পয়েন্ট ২৫। সমান ম্যাচে চতুর্থ হারে ২৪ পয়েন্ট নিয়ে চারে আছে ইন্টার। এসি মিলানের সমান ২৫ পয়েন্ট নিয়ে তিনে নাপোলি। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রোমা।
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ছুটছে রীতিমতো। টটেনহামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। হ্যাটট্রিক করেছেন এবারচি এজে। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আর্সেনাল এখন শীর্ষে। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি।



