অ্যাশেজ়ের দ্বিতীয় টেস্ট খেলা হবে গোলাপি বলে। সেই টেস্টের প্রস্তুতিতে নতুন অস্ত্র নিয়ে নামলেন স্টিভেন স্মিথ। অনুশীলনে দুই চোখের নীচে বিশেষ ধরনের একটি টেপ পরতে দেখা গেছে অস্ট্রেলিয়ার অধিনায়ককে। বল যেন ভাল করে দেখতে পান এজন্য এই টেপ পরেছেন তিনি।
অনুশীলনে থ্রোডাউন নেওয়ার সময় স্মিথকে দেখা গেছে এই টেপ পরতে। সেই ছবি ভাইরাল এখন। এটাকে বলে ‘অ্যান্টি গ্লেয়ার স্ট্রিপস’। ফ্লাডলাইটে খেলার সময় যেন আলোর জন্য দেখতে অসুবিধা না হয়, তাই এই টেপ পরেন খেলোয়াড়রা। চোখের ঠিক নীচে এই টেপ লাগাতে হয়, তাই চোখে আলো সরাসরি প্রতিফলিত হয় না।
যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লিগে বিভিন্ন দলের খেলোয়াড়রা ‘অ্যান্টি গ্লেয়ার স্ট্রিপস’ পরে খেলেন। কারণ সেখানে সব ম্যাচই হয় রাতে। সেই লিগের কিংবদন্তি টম ব্র্যাডি প্রতি ম্যাচে ‘অ্যান্টি গ্লেয়ার স্ট্রিপস’ পরে নামেন। ক্রিকেটে এই ঘটনা খুব বেশি নেই। একটা সময় ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপলকে ‘অ্যান্টি গ্লেয়ার স্ট্রিপস’ পরে খেলতে দেখা যেত।
দিন-রাতের টেস্টে স্মিথের পারফরম্যান্স খুব একটা ভাল নয়। অস্ট্রেলিয়ার হয়ে ১৩টি দিন-রাতের টেস্ট খেলেছেন তিনি। ২৪ ইনিংসে তার গড় মাত্র ৩৭-এর একটু বেশি। এজন্যই এবার নতুন অস্ত্র নিয়ে নামতে চান স্মিথ।



