কাতারে সবশেষ ২০২২ ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই পথচলা থেমে গিয়েছিল পর্তুগিজদের। তিন বছর আগে কাতারে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর রোনালদোর সেই কান্নাভেজা চেহারার ছবি এখনো ফুটবলপ্রেমীদের হৃদয়ে টাটকা। শিরোপা না জিততে পারার আক্ষেপে ক্রিস্তিয়ানো রোনালদো পুড়েছেন বারবার। তবে পর্তুগিজ কিংবদন্তি এই কষ্ট কিছুটা হলেও ভুললেন জুনিয়ররা চ্যাম্পিয়ন হওয়ার পর।
সেই কাতারের দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে শিরোপা জেতে পর্তুগাল। গত জুনে অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছে পর্তুগাল। ইউরোপ জয়ের পর এবার বিশ্বকাপও জিতে নিল পর্তুগালের ছোটরা।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপজয়ী ফুটবলারদের সেই শিরোপা ছুঁয়ে উল্লাস করার ছবি রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘‘জায়ান্টস। বিশ্বচ্যাম্পিয়নদের অভিনন্দন।’’
অস্ট্রিয়ার বিপক্ষে ফাইনালে ৩২ মিনিটে গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড আনিসিও কাবরাল। টুর্নামেন্টে তিনি করেছেন ৭ গোল। সর্বোচ্চ ৮ গোল করা অস্ট্রিয়ার জোহানেস মোজের জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কার।
পর্তুগালের চ্যাম্পিয়ন হওয়ার রাতে হেরেছে ব্রাজিল। ইতালি-ব্রাজিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জিতেছে ইতালি।



