বেশ কিছুদিন ধরেই সংঘাত চলছে পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে। আফগান ক্রিকেট বোর্ড এসিবির দাবি, সম্প্রতি পাকিস্তানের বিমান হামলায় আরগুনে বেশকিছু বেসামরিক ব্যক্তি প্রাণ হারান। এই তালিকায় আছেন তিন ক্রিকেটার। তারা হচ্ছেন হারুন, কবির আগা ও সিবগাতুল্লাহ। শারানায় একটি প্রীতি শেষে বাড়ি ফেরার সময় মারা যান তিন ক্রিকেটার।
তাদের মৃত্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেল। নিহত হওয়া তিন ক্রিকেটারের ছবি পোস্ট করে শোক জানিয়েছে এসিবি। একই সঙ্গে এই হামলার নিন্দা প্রকাশ করে পাকিস্তানে আগামী মাসে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।
আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে টি–টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তানেরও খেলার কথা ছিল সেখানে।

নিজেদের ‘এক্স’ হ্যান্ডলে দেওয়া বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে বলা হয়, ‘‘পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলার শিকার হয়েছেন তারা। হৃদয়বিদারক এ ঘটনায় আরগুন জেলার তিন ক্রিকেটার কবির, সিবগাতুল্লাহ, হারুনসহ আরও পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন সাতজন। দুপুরে তাঁরা পাকতিকা প্রদেশের রাজধানী শারানা শহরে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে গিয়েছিলেন। খেলা শেষে নিজ এলাকায় ফিরে একত্র হওয়ার সময় হামলার শিকার হন।’’
ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্তও এই বিবৃতিতে জানিয়েছে এসিবি, ‘‘মর্মান্তিক এ ঘটনার প্রতিবাদে ও নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানকে নিয়ে নভেম্বরের শেষ দিকে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।’’
গত মাসে এশিয়া কাপের আগেও একটি ত্রিদেশীয় সিরিজে খেলেছে পাকিস্তান ও আফগানিস্তান। সিরিজটি হয়েছিল শারজাহতে, আরেক দল ছিল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানের মাঠে আফগানদের ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল এবারই প্রথম।
হামলার পর সিরিচ না খেলার সিদ্ধান্তে সায় দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান, ‘‘নির্দোষ মানুষগুলোর প্রাণ হারানোর প্রেক্ষিতে পাকিস্তানের বিপক্ষে সূচি থেকে সরে দাঁড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, আমি তাকে স্বাগত জানাই। এই কঠিন সময়ে দেশের মানুষের পাশে আছি আমি, অন্য যে কোনো কিছুর ওপরে জায়গা দিতে হবে আমাদের জাতীয় মর্যাদাকে।’’



