দারুণ একটা দিন কাটাল পাকিস্তান। একই দিনে দুই ক্রিকেট পরাশক্তিকে হারাল তারা। সোমবার রাওয়ালপিন্ডিতে তারা সিরিজের শেষ ওয়ানডেতে হারিয়েছে শ্রীলঙ্কাকে। লঙ্কানদের ২১১ রানের চ্যালেঞ্জ ৩২ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে পেরিয়ে যায় তারা। ৬ উইকেটের জয়ে লঙ্কানদের ৩-০’তে হোয়াইটওয়াশ করল পাকিস্তান।
৪৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মোহাম্মদ ওয়াসিম। ব্যাট হাতে মোহাম্মদ রিজওয়ান ৯২ বলে অপরাজিত ছিলেন ৬১ রানে।৪৫ বলে ৫৫ করেন ফখর জামান।
কাতারের রাজধানী দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ রাইজিং স্টার্সে তারা ৮ উইকেটে হারায় ভারতকে। এই টুর্নামেন্টে দুই দলই অবশ্য খেলাচ্ছে নিজেদের ‘এ’ দল।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক ইরফান খান। ১৯ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায় ভারত। ১৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান ‘এ’।
পাকিস্তানের বোলারদের সামনে কিছুটা উজ্জ্বল ছিলেন আগের ম্যাচে ঝড় তোলা বৈভব সূর্যবংশী। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন তিনি। কিন্তু বাকিদের মধ্যে নামান ধিরের ৩৫ রান বাদে আর কেউ তেমন কিছু করতে পারেননি।
তিন উইকেট শহীদ আজিজের। লক্ষ্য তাড়ায় ঝড় তোলেন মাজ সাদাকাত। মোহাম্মদ নাঈমের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলেন সাদাকাত। এরপর ইয়াসির খানকে নিয়ে গড়েন ৩৯ রানের জুটি।
৪৭ বলে ৭টি চার ও ৪টি ৭৯ রান করেন সাদাকাত। এই জয়ে দুই ম্যাচের দুইটিতেই জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।



