Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

পরীক্ষা পেছানোর দাবির মধ্যেই রুটিন দিল পিএসসি

SS-bpsc-1-090724
[publishpress_authors_box]

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানো ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কার দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে বিক্ষোভ করছিলেন একদল চাকরিপ্রত্যাশী। এর মধ্যেই এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পিএসসি।

বৃহস্পতিবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) আগামী ৮ মে থেকে শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে হবে এ পরীক্ষা।

রুটিন ঘোষণার আগে লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কিছু চাকরিপ্রার্থী। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ডে ‘৮ মে করব দে’, ‘ড্রিম পিএসসি’, ‘ফ্যাসিজম নট অ্যালাউড’সহ বিভিন্ন স্লোগান দেখা যায়।

অবস্থান কর্মসূচিতে আসা চাকরিপ্রার্থীরা সাংবাদিকদের জানান, প্রতিটি বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশের সঙ্গে লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ দেওয়া হয়। কিন্তু ৪৬তম বিসিএসের প্রিলির ফল যখন দ্বিতীয়বার প্রকাশ করা হয়, তখন লিখিত পরীক্ষার সম্ভাব্য কোনও তারিখ দেওয়া ছিল না।

তারা জানান, এ ছাড়া জুলাই আগস্টের আন্দোলনের পর বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাসে কিছুটা পরিবর্তন আসে। ফলে প্রার্থীদের নতুন করে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হয়।

বিক্ষোভের সময় চাকরিপ্রার্থীদের একজন সাংবাদিকদের বলেন, “সরকারি কর্ম কমিশন প্রার্থীদের কথা চিন্তা না করে হঠাৎ লিখিত পরীক্ষার জন্য ৮ মে তারিখ ঘোষণা করে। এতে আমরা সাধারণ প্রার্থীরা বিপদে পড়েছি। সেজন্য লিখিত পরীক্ষা পেছানোর দাবি তোলা হচ্ছে।”

আরেক চাকরিপ্রার্থী বলেন, “পিএসসির চেয়ারম্যান স্যার পরীক্ষা পেছানোর জন্য তিন দিন সময় চেয়েছিলেন। আজ দুই দিন পার হলো। আগামীকাল শুক্রবার। আজকের মধ্যেই আমরা সিদ্ধান্ত চাই। এ জন্য অবস্থান নিয়েছি।”

অবস্থানের একপর্যায়ে চাকরিপ্রার্থীরা আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে থেকে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। পরে চাকরিপ্রার্থীদের জোর করে সেখান থেকে সরিয়ে দেন তারা।

এর আগে গত মঙ্গলবার ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। পরে পরীক্ষার্থীদের মধ্য থেকে ছয়জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন পিএসসির চেয়ারম্যান।

পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম সাংবাদিকদের বলেন, তারা চাকরিপ্রার্থীদের সমস্যাগুলো বিচার–বিশ্লেষণ করছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত