ঘরোয়া ক্রীড়োঙ্গনে নয়না চৌধুরীর বড় পরিচয় একজন জুডোকা হিসেবে। জুডোতে ঘরোয়া ও আন্তর্জাতিক প্রচুর পদক জিতেছেন এই কিংবদন্তি নারী অ্যাথলেট। জুডো শিক্ষা নামে একটি বইও লিখেছেন তিনি। তবে নয়না চৌধুরী কারাতে খেলাতেও সমানভাবে পারদর্শী। তিনি ছিলেন কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকও।
এবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে অনুষ্ঠিত ২৯ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় দলের কোচের দায়িত্বে আছেন নয়না চৌধুরী। তার অধীনে অনুশীলন করে সাফল্যও পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাতে খেলোয়াড়েরা।
এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে যেমন চারজন পুরুষ ও একজন নারী কারাতেকা অংশ নেয়। এর মধ্যে ৫০ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র মোঃ তাইম হাওলাদার। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র। এছাড়া জান্নাতুল ফেরদৌস সুমি একক কাতায় ব্রোঞ্জ জিতেছেন।

এই দুই কারাতেকা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নিয়েছেন মোঃ সিয়াম হোসেন দেশ, মোঃ রাজু আহমেদ ও ফয়সাল আহমেদ ।
এই দলের প্রশিক্ষক নয়না চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক। দলের ম্যানেজার হিসেবে আছেন অধ্যাপক ডক্টর উপমা কবীর। তিনি চেয়ারম্যান ,জুডো ও কারাতে কমিটি।
অল্প অনুশীলনেও এমন সাফল্য পেয়ে নয়না চৌধুরী বলেন, “আসলে আমার খেলোয়াড়েরা সেভাবে অনুশীলনের সুযোগ পায়নি। তারপরও যথেষ্ট ভালো ফলাফল করেছে। আশা করি ভবিষ্যতে এই খেলোয়াড়েরা আরও ভালো ফল বয়ে আনবে বিশ্ববিদ্যালয়ের জন্য।”



