মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে অনুষ্ঠিত ২৯তম জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপের শেষ দিনে হওয়া মারামারির ঘটনার তদন্ত করবে বাংলাদেশ কারাতে ফেডারেশন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, “আমরা মারামারির ঘটনার অভিযোগ পেয়েছি। শিগগিরই কমিটির সভায় এ নিয়ে আলোচনা করা হবে। বিষয়টি তদন্ত হওয়ার পর জানা যাবে আসল ঘটনা। ”
গত রবিবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা ছিল জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপ। কিন্তু নির্ধারিত সময়েও প্রতিযোগিতা শেষ করতে পারেনি ফেডারেশন। প্রতিযোগিতা শেষ করতে রাত গভীর হয়ে যায়।
সেদিন মারামারি কারণে খেলা বন্ধ ছিল প্রায় দুই ঘন্টা। ঘটনার সূত্রপাত অনূর্ধ্ব-৬৭ কেজি ওজন শ্রেণির ম্যাচ চলাকালে। তখন বাংলাদেশ সেনাবাহিনীর মনিরুল ইসলাম ও আনসারের আনোয়ার নাঈম লড়ছিলেন। এই ম্যাচের সময় আনসারের কিছু সমর্থক সেনাবাহিনীর গ্যালারিতে গিয়ে উচ্চবাচ্য করতে থাকেন।
সেনাবাহিনীর কারাতেকা ওই ম্যাচে হেরে যাওয়ার উপক্রম হতেই উস্কানিমূলক বিভিন্ন স্লোগান দিতে থাকেন ওই সমর্থকেরা। এক পর্যায়ে সেনাবাহিনীর খেলোয়াড় ইব্রাহিম আনসার দলের এক সমর্থকের ওপর হামলা চালালে মারামারি শুরু হয়। এতে আহত হন রেজাউল করিম মাসুম, রোকনুজ্জামান রনি ও বিল্লাল হোসেন।
মারামারির পর রেজাউল করিম মাসুম ফেডারেশনে লিখিত অভিযোগ দেন। এরই প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম শুরু করবে ফেডারেশন।



