১ কোটি ১০ লাখ টাকায় মোহাম্মদ নাঈমকে কিনেছে চট্টগ্রাম। এত বেশি টাকায় নিলামে বিক্রি হবেন, এটা ভাবেননি তিনিও। গত বিপিএলে সর্বোচ্চ রান করা নাঈম নিলাম শেষে গণমাধ্যমে বলেছেন, ‘‘আলহামদুলিল্লাহ। কোটি টাকায় কেউ কিনবে এভাবে চিন্তা করিনি। ভালো লাগছে। চিন্তা করেছি, আমাকে যে নিলাম থেকে নেবে, তার টিমে আমি খেলব, এটাই আমার ভাবনা ছিল। ও রকম কোনো প্রত্যাশা ছিল না যে কোন দলে যাব, না যাব।’’
নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। সেটা ছাড়িয়ে যায় ১ কোটি। নিলামের সেই সময়টায় জাতীয় লিগে দিনের খেলা শেষে টিম বাসে ছিলেন নাঈম। আর উপভোগ করছিলেন নিলামটা, ‘‘নিলামের আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট । তাই জানতাম আমি অবিক্রীত থাকব না। আমরা যখন মাঠ থেকে টিম বাসে ফিরছিলাম, তখন আমার নাম ঘোষণা করা হয়। হঠাৎ সবাই চিৎকার ও উল্লাস শুরু করে দেয়। যদি ভিত্তিমূল্যেই বিক্রি হতাম, তাতেও কোনো আপত্তি থাকত না। একটু নার্ভাস ছিলাম। আমার বিপিএল ক্যারিয়ারে এমন ঘটনার স্বাক্ষী প্রথমবার হলাম। এজন্য মূহুর্তটি সারাজীবন স্মরণে থাকবে। খুব মজার ছিল।’’

নিলামের পর পরিবারের প্রতিক্রিয়া নিয়ে নাঈম জানালেন, ‘‘আমার আম্মা, আমার স্ত্রী, সবাই অভিনন্দন জানিয়েছে। ওরা খুব উপভোগ করছিল নিলাম। আমার স্ত্রী তো কোটি টাকা শুনে চিৎকার করছিল আনন্দে।’’
কোটি টাকার খেলোয়াড়, প্রত্যাশার চাপও নিশ্চয়ই অনুভব করছেন? এমন প্রশ্নে নাঈম বললেন,‘‘ যখনই যে জায়গায় যে অবস্থায় খেলি, আমার লক্ষ্য থাকে দলের হয়ে সেরাটা দেওয়া। রানের দিক থেকে লক্ষ্য থাকে যে আমি সেরা দশ কিংবা পাঁচে থাকব, সব সময় ডোমিনেট করব।’’



