লামিনে ইয়ামালকে ছাড়া টানা তৃতীয় ম্যাচ খেলল বার্সেলোনা। তিন ম্যাচই জিতল দাাপটে। ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে রবিবার রাতে লা লিগার ম্যাচে ৩-০ গোলে গেতাফেকে বিধ্বস্ত করেছে তারা।
৭১ শতাংশ বলের দখল রেখে গোলের জন্য ১৬টি শট নিয়েছিল বার্সা। লক্ষ্যে ছিল সাতটি। গেতাফের তিন শটের দুটি লক্ষ্যে ছিল। প্রথমার্ধে জোড়া গোল করেছিলেন ফেররান তরেস। অপর গোলটি দানি ওলমোল। এ নিয়ে লা লিগায় দুই ম্যাচে ৯ গোল করার পাশাপাশি নিজেদের জাল অক্ষত রাখল বার্সেলোনা।
পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। অপর ম্যাচে মায়োর্কার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ। হুলিয়ান আলভারেস পেনাল্টি মিস না করলে জিততেও পারত আতলেতিকো।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের গোলে ম্যান সিটিকে রুখে দিয়েছে আর্সেনাল। ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে সমতা ফেরায় আর্সেনাল। সিটির হয়ে নবম মিনিটে গোল করেছিলেন আর্লিং হলান্ড।
ম্যান সিটির পয়েন্ট ৫ ম্যাচে ৭। গার্দিওলার দল আছে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে। ৫ ম্যাচে ৩ জয়, ১ হার এবং ১ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ১০।
সিরি ‘এ’তে এসি মিলান ৩-০ গোলে হারিয়েছে উদিনেসকে। আতালান্তানও ৩-০ গোলে হারিয়েছে তোরিনোকে।



