ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও বিধ্বস্ত হয়েছে লিভারপুল। নটিংহাম ফরেস্ট ৩-০ গোলে হারিয়েছে তাদের। তাও অ্যানফিল্ডে। ৯ নভেম্বর ম্যানচেস্টার সিটির মাঠে ৩–০ ব্যবধানে হেরেছিল আর্নে স্লটের দল। আজ বিরতির পর প্রথম দিনে তারা হারল একই ব্যবধানে।
লিগে লিভারপুলের সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে ষষ্ঠ হার এটা। টানা পাঁচ জয়ে লিগ শুরু করা লিভারপুল ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখন তালিকার ১১ নম্বরে।
অপর ম্যাচে হেরেছে ম্যানচেস্টার সিটিও। তাদের ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসল। ৬৩ ও ৭০ মিনিটে নিউক্যাসলের হয়ে জোড়া গোল করেন হার্ভি বার্নস। ম্যানসিটির হয়ে ৬৮ মিনিটে গোল করেন রুবেন দিয়াস। ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সিটি এখন ৩ নম্বরে।
৯০০ দিনের বেশি সময় পর ক্যাম্প ন্যুতে ফিরল বার্সেলোনা। সেই প্রত্যাবর্তনও হলো রাজকীয়। অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে বড় জয়ে ঘরে ফেরাটা উদযাপন করল তারা। আতশবাজির ঝলকানিতে শুরু ম্যাচটা রঙিন করেছে তারা।

বার্সার হয়ে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। অপর দুটি গোল রবার্ট লেভানদোস্কি ও ফেরমিন লোপেজের। চতুর্থ মিনিটেই বার্সাকে এগিয়ে দেনে পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কি। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন ফেরান।
৪৮ মিনিটে স্কোরটা ৩-০ করেন ফেরমিন লোপেজ। ফেরান দলকে চতুর্থ গোলটি এনে দেন ৯০ মিনিটে। ৫৪ মিনিটে মিডফিল্ডার সানচেত লাল কার্ড দেখেন ফেরমিনকে ফাউল করে, তাই বিলবাওকে ১০ জন নিয়ে খেলতে হয় বাকি সময়।
প্রায় ৪৫ হাজার দর্শক খেলা দেখতে পেরেছেন ক্যাম্প ন্যুতে। আগামী মৌসুমে পুরো গ্যালারি খুলে দেওয়া হলে ১ লাখ ৫ হাজার দর্শক ঢুকতে পারবেন স্টেডিয়ামে।
১৩ ম্যাচে ১০ জয়ে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে এখন বার্সা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৩১। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে বার্সেলোনা।



