চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে সফল দল হলেও অলিম্পিয়াকোসের মাঠে কখনও জেতা হয়নি রিয়াল মাদ্রিদের। ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে গেরোটা খুলল অবশেষে। বুধবার রাতে ৪-৩ গোলে জিতেছে রিয়াল। চারটি গোলই করেছেন কিলিয়ান এমবাপ্পে। অলিম্পিয়াকোসের হয়ে একটি করে গোল চিকিনিয়ো, মেহদি তারেমি ও এল কাবির।
পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল রিয়াল। অলিম্পিয়াকোস ২ পয়েন্ট নিয়ে আছে ৩৩ নম্বরে।
এবারের চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন এমবাপ্পে প্রথমটি করেছিলেন কয়রাত আলমাতির বিপক্ষে। হ্যাটট্রিক করতে এমবাপ্পের সময় লাগে ৬ মিনিট ৪২ সেকেন্ড, যা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে ৬ মিনিট ১৩ সেকেন্ডে হ্যাটট্রিক করেছিলেন লিভারপুলের মোহাম্মদ সালাহ।
পাঁচ ম্যাচে ৯ গোল করে এবারের চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে। রিয়ালের জার্সিতে এই মৌসুমে তার মোট গোল হলো ২২টি।
অপর ম্যাচে অ্যানফিল্ডে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। পিএসভি আইন্দহফেনের কাছে ৪-১ গোলে হেরেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১২ ম্যাচে এটি তাদের নবম হার। ১৯৫৩-৫৪ মৌসুমের পর এবারই প্রথম এতটা বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে অলরেডরা। সর্বশেষ তিন ম্যাচেই অন্তত তিনটি করে গোল হজম করে হেরেছে তারা। সর্বশেষ এমন কিছু হয়েছিল ১৯৫৩ সালের ডিসেম্বরে।

অথচ টানা সাত জয়ে মৌসুম শুরু করেছিল লিভারপুল। সেই দলটারেই ৭১ বছরের মধ্যে সবচেয়ে বাজে সময়ের ভেতর দিয়ে যাওয়ার কারণ কী?
এ নিয়ে কোচ আর্নে স্লট আরও বললেন, ‘‘এই ধারাটা সবার জন্যই ধাক্কা। খেলোয়াড় এবং আমার জন্যও। আমি সহজে বিস্মিত হই না, কিন্তু এটা খুবই অপ্রত্যাশিত। আমরা সবাই আরও ভালো করতে পারি।’’
আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। এবারের মৌসুমে এটাই প্রথম হার বায়ার্নের। আতলেতিকো মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে। আর বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ৫-৩ গোলে হারিয়েছে টটেনহামকে। হ্যাটট্রিক করেছেন পিএসজির ভিতিনিয়া।



