বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। বিশ্বকাপের বল, লোগে উন্মোচন হয়ে গেছে। এবার প্রস্তুত হলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ ২২টি দেশের জার্সি। নতুন জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। গতকাল বুধবার জার্সিগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে অ্যাডিডাস।
ইতিহাস, উদ্ভাবন ও অতীত অর্জনের প্রতি শ্রদ্ধার ছাপ রয়েছে লিওনেল মেসিদের এই নতুন জার্সির ডিজাইনে। তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন এই জার্সিতে তিন তারকার উপস্থিতি আছে স্বাভাবিকভাবে। ঐতিহ্যবাহী লম্বা ডোরাগুলোতে তিনটি রঙের আকাশি নীলের ছোঁয়া, যা অনুপ্রাণিত ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপ জয়ের জার্সি থেকে।
পাশাপাশি জার্সিতে ঘাড়ের পেছনে খোদাই করে ‘১৮৯৩’ সাল লেখা—এই বছর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রতিষ্ঠিত হয়। বুকের মাঝে সোনালি প্যাঁচ, যা ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের প্রতীক। আডিডাসে কাজ করেন ব্রাজিলিয়ান ডিজাইনার মারেকো।

২০২৬ বিশ্বকাপে মেসিদের জার্সি নিয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো’কে তিনি বলেছেন, ‘‘আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়া তিনটি আসরের জার্সি থেকে নীল রঙের শেড নতুন নকশায় ব্যবহৃত হয়েছে। আমরা আগের তিন জার্সির শেড সমন্বয় করেছি। ফলে নীল রঙের তিনটি ভিন্ন শেড–ই থাকবে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সিতে। স্ট্রাইপ ও গ্রেডিয়েন্টে আকাশী-সাদা রঙের ব্যবহার পুরোনো হলেও, মেসিদের নতুন জার্সিতে আধুনিকতার ছোঁয়া রাখার চেষ্টা করেছি।’’
আসন্ন বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো। তাদের জার্সি নিয়ে মারেকো বলেন, ‘‘মেক্সিকোর ক্ষেত্রে আমাদের লক্ষ্য ছিল অতীত থেকে সরে এসে একটি নতুন ও আধুনিক পরিচয় তুলে ধরা। একটি এমন জার্সি, যা মেক্সিকান সংস্কৃতিকে আধুনিকভাবে প্রকাশ করবে। আমরা কোনো রেট্রো বা অতীতনির্ভর ডিজাইন চাইনি, লক্ষ্য ছিল আধুনিক মেক্সিকোর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা।’’

আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে নতুন এই জার্সিতে অভিষেক হবে আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের। আর্জেন্টিনা জাতীয় দলের এই নতুন জার্সি উন্মোচনে প্রধান মডেল ছিলেন লিওনেল মেসি। অ্যাডিডাসের ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু দোকানে আজ থেকে জার্সিটি পাওয়া যাবে। সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৮০ ডলারে জার্সিটি কেনা যাবে।



