টি-টোয়েন্টিতে টানা ৪ সিরিজ জিতে আত্মবিশ্বাসের পারদ বেড়েছিল বাংলাদেশের। লিটন দাসের দলকে মাটিতে নামায় ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গত মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ধবলধোলাই করেছিল বাংলাদেশকে।
একই মাঠে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
আয়ারল্যান্ডের পাশাপাশি বাংলাদেশের জন্যও সিরিজটি মূলত বিশ্বকাপ প্রস্তুতিরই অংশ। আগামী ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ এটি। সামনে যদিও বিপিএল আছে, তবে দল হিসেবে প্রস্তুতি নেওয়ার শেষ সুযোগ এটা।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে পছন্দমত দল না পাওয়ায় ক্ষোভ ঝেড়েছিলেন লিটন দাস। তবে এবারের সিরিজ যে জিততে হবে সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি, ‘‘আমি চাই, আমাদের খেলোয়াড়েরা কঠিন পরিস্থিতিতে পড়ুক। কিন্তু যে জিনিসটা হয়েছে, শেষ সিরিজে আমরা জিততে পারিনি। এবার চেষ্টা করব কঠিন সময় থেকে বের হয়ে যেন ম্যাচগুলো জিততে পারি।’’

কঠিন চ্যালেঞ্জ নিতেই বাংলাদেশ বিশ্বকাপের আগে পরপর দুটি সিরিজ খেলছে চট্টগ্রামে। এখানকার উইকেট সাধারণত ব্যাটসম্যানদের জন্য সহায়ক হয়, টি–টোয়েন্টি বিশ্বকাপেও থাকার কথা এমন উইকেট।
বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে মিডল অর্ডার। শামীমকে বাদ দিয়ে মাহিদুল ইসলামকে নেওয়া হয়েছে এজন্য। তবে মিডলঅর্ডার নিয়ে উদ্বিগ্ন নন লিটন, ‘‘খুব একটা চিন্তিত না মিডল অর্ডার নিয়ে। অবশ্যই আমাদের খেলোয়াড়েরা শেষ দুয়েকটা সিরিজে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। কিন্তু তারা সবাই প্রুভেন। আমি আশাবাদী, তারা এই সিরিজে ঘুরে দাঁড়াবে।’’
তানজিদ হাসানের সঙ্গে ইনিংস শুরু করবেন কে, সাইফ হাসানকে ওপেনিংয়ে খেলা হবে নাকি তিন কিংবা চারে, সেদিক আগ্রহ থাকবে। মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হয় কি না কৌতুহল থাকবে তা নিয়েও। জাকের আলি একাদশে জায়গা পেলে নিশ্চিতভাবে বিশ্বকাপের আগে মুখিয়ে থাকবেন রানে ফিরতে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ টি-টোয়েন্টি খেলে ৫টিতে জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের দুই জয়ের সর্বশেষটি ছিল এই চট্টগ্রামেই, ২০২৩ সালে। সেই চট্টগ্রামে বিশ্বকাপ প্রস্তুতি শুরু হচ্ছে আয়ারল্যান্ডেরও।



