Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আসিফের মন্তব্যে নিন্দা জানিয়ে বিসিবিকে চিঠি বাফুফের

as0
[publishpress_authors_box]

বিসিবির ক্রিকেট কনফারেন্সে ফুটবল নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও গায়ক আসিফ আকবর। ফুটবলের জন্য ক্রিকেট খেলা যাচ্ছে না বলে দাবি তার। তাতে নিন্দার ঝড় উঠেছে ফুটবল অঙ্গনে। এরই প্রতিবাদ জানিয়ে আজ (মঙ্গলবার) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে চিঠি পাঠিয়েছে বাফুফে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের স্বাক্ষরিত সেই চিটিতে জানানো হয়েছে নিন্দাও।

তাবিথ আউয়ালের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘‘আপনার মতো অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যা আমাদের জন্য গর্বের বিষয়। ক্রিকেট কনফারেন্স থেকে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।’’

আগের দিন আসিফ আকবর বলেছিলেন, ‘‘আমাদের বোর্ড সভাপতি আছেন এবং যারা বিভিন্নভাবে বাফুফের সঙ্গে সম্পৃক্ত আছেন, ফুটবল ক্লাবের সঙ্গে, ক্লাবের সঙ্গে জড়িত থাকলেই কিন্তু ফুটবল-ক্রিকেট-হকি, সবই হয়। আমরা যেটা বড় সমস্যার মুখোমুখি হচ্ছি, ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না, সারা দেশে। এরা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে। যে কারণে, কুমিল্লার ক্রিকেট লিগ ১২ তারিখ থেকে শুরু হবে, প্রাগৈতিহাসিক যুগের ক্রিকেট হবে, ম্যাটে। যেগুলো খেলিনি আমরা কখনও।’’

তিনি আরও যোগ করেন, ‘‘আগামী ২৪ তারিখ আবাহনী-মোহামেডান ফুটবল খেলা আছে, কুমিল্লা স্টেডিয়ামে। এই সমস্যা শুধু কুমিল্লার নয়, প্রতিটি জেলার স্টেডিয়াম দখল করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেও স্টেডিয়াম দখল করে রেখেছে। ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, এটা আমি সরাসরি বলতে চাই। কারণ, ক্রিকেট একটা ডিসিপ্লিনড খেলা, আভিজাত্যের খেলা এটি, এখানে অনেক নিয়মকানুন আছে, রেকর্ডের খেলা।’’

বিসিবিতে পাঠানো বাফুফের সেই চিঠি। সংগৃহীত

এর প্রতিবাদ জানিয়ে বাফুফে সদস্য কামরুল হাসান হিলটন ফেইসবুকে প্রশ্ন রেখে বলেন, ‘‘প্রকৃত ক্রীড়া সংগঠক খেলাধুলার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে। ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের বক্তব্য খেলাধুলার অঙ্গনকে বিভাজিত করবে। ক্রিকেট আভিজাত্যের খেলা হলে, ফুটবল কী নিম্ন জাতের খেলা? তীব্র নিন্দা জানাচ্ছি।’’

জাতীয় দলের সাবেক কোচ ও বর্তমানে আবাহনীর দায়িত্বে থাকা মারুফুল হক ফেইসবুকে লিখেছেন, ‘‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের জন্য। সরাসরি কাউকে প্রতিপক্ষ বানালে আমরাও প্রস্তুত প্রতিপক্ষ হতে।’’

সেই সুরেই আজ নিন্দা জানিয়ে বিসিবির কাছে চিঠি পাঠিয়েছে বাফুফে।

পাঠকদের জন্য পুরো চিঠিটি তুলে ধরা হলো-

আপনার মতো অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যা আমাদের জন্য এক গর্বের বিষয়। আমি গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদত্ত বক্তব্য সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই।

বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।

ক্রিকেট কনফারেন্স থেকে এমন মনোভাব প্রকাশ পাওয়া সত্যিই দুঃখজনক এবং উদ্বেগজনক। আমরা সবাই খেলাধুলাকে একটি ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ, এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের জাতিকে একত্রিত করে, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করে। আমরা উভয়েই প্রতিশ্রুতি দিয়েছি যে দেশের সব ক্রীড়া ফেডারেশন একসাথে কাজ করবে একটি সুস্থ, দৃঢ় ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।

কিন্তু যখন ক্রিকেট বোর্ডের কনফারেন্সে “অভিজাত” শব্দটি ব্যবহার করা হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আমরা কি সত্যিই জুলাইয়ের ছাত্র-জনতা বিপ্লবে ঘোষিত বৈষম্যহীন ও সমতাভিত্তিক বাংলাদেশের আদর্শে অটল আছি? আর যখন “মারামারি” শব্দটি উচ্চারিত হয়, তখন আরও গুরুতর প্রশ্ন জাগে, এটি কি কোনো ধরনের হুমকি?

এমন দৃষ্টিকটু ও অশোভন বক্তব্য ফুটবল ও ফুটবল খেলোয়াড়দের প্রতি চরম অসম্মানজনক, যা ক্রীড়ার মৌলিক মূল্যবোধ ও চেতনার পরিপন্থী। গণমানুষের প্রাণের খেলা ফুটবল শুধু একটি খেলা নয়, কোটি মানুষের আবেগ, ঐক্য ও গৌরবের প্রতীক। এই ফুটবল ও ফুটবল খেলোয়াড়রাই মুক্তিযুদ্ধ, নারীর অধিকার প্রতিষ্ঠা, দূর্যোগ মোকাবেলাসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

আপনি নিশ্চয়ই অবগত যে বাংলাদেশে ফুটবলের অভিভাবক হিসেবে আমি ও আমার নির্বাচিত নির্বাহী কমিটি, হাজার হাজার খেলোয়াড় এবং কোটি কোটি ভক্তের প্রতিনিধিত্ব করি। তাই এই ঘটনায় আমি আপনার কাছে একটি আনুষ্ঠানিক ও সর্বসম্মুখে ব্যাখ্যা প্রত্যাশা করছি।

আপনার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা ও সম্মান অটুট। আমি বিশ্বাস করি, আপনি একজন জাতীয় ক্রীড়াবিদ ও সম্মানিত ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আপনার প্ল্যাটফর্মকে কোনো ভুল উদ্দেশ্যে ব্যবহার হতে দেবেন না; বরং আপনি এখনই এই বিষয়টি স্পষ্ট করে দেশের কোটি ক্রীড়ামোদি মনে সৃষ্ট আঘাত ও বিভ্রান্তি দূর করবেন। বাংলাদেশে ক্রিকেটসহ সকল খেলাধুলার সফল যাত্রা কামনা করছি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found