Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ঢাকা স্টেডিয়ামে আফঈদাদের ফেরাটা হলো বিষাদময়

BD-football
[publishpress_authors_box]

সেই ২০১২ সালে শেষবার ঢাকা স্টেডিয়ামে খেলেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। অন্য মাঠে ঠিকানা গড়া ও ঢাকা স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নের কারণে লম্বা সময় ঐতিহ্যমাখা স্টেডিয়ামটিতে খেলা হয়নি তাদের। দীর্ঘ ১৩ বছর পর আফঈদা খন্দকাররা ফিরেছে এই মাঠে। ফেরাটা হলো বিষাদময়। ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে হারের হতাশা সঙ্গী হয়েছে মেয়েদের।

বুধবার (২৬ নভেম্বর) মালয়েশিয়া নারী দলের কাছে ১-০ গোলে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। প্রথমার্ধে হওয়া গোলটিই গড়ে দিয়েছে ম্যাচের ফল। দুর্বল মাঝমাঠ ও ছন্দহীন ফুটবলে এ যেন অন্য এক বাংলাদেশকে দেখা গেল। যে দল এশিয়ান কাপ বাছাইয়ে র‌্যাঙ্কিংয়ের ব্যবধান ঘুচিয়ে বড় বড় দলকে হারিয়ে দিয়েছিল, সেই আফঈদারা ঘরের মাঠে করল অসহায় আত্মসমর্পণ।

নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এই টুর্নামেন্ট। এর আগে নিজেদের ঝালাই করে নিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। যার শুরুটা হলো চরম হতাশার। সিরিজের অন্য দল আজারবাইজান। ২ ডিসেম্বর ইউরোপের দলটির বিপক্ষে খেলবে আফঈদা।

তিন বছর আগে এই মালয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেবার প্রথম ম্যাচে সফরকারীদের ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচ হয়েছিল ড্র। এবার ওই প্রতিপক্ষের কাছে হেরেই গেছে বাংলাদেশের মেয়েরা।

ঢাকা স্টেডিয়ামে শুরুতে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। তবে ধারার বিপরীতে গিয়ে ২৯ মিনিটে এগিয়ে যায় মালয়েশিয়া। সফরকারীদের এগিয়ে নেন নুর আইনসাহ। বাংলাদেশ গোলকিপার রুপনা চাকমাকে ডজ দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি।

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল শোধ দিতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও চেষ্টা চালিয়ে গেছে। তবে শোধ তো করতে পারেইনি, উল্টো ৬৮ মিনিটে দ্বিতীয় গোল হজমের আশঙ্কা জন্মেছিল। রুপনা আবারও পোস্ট থেকে বেরিয়ে এসেছিলেন, তবে এ যাত্রায় প্রতিপক্ষের খেলোয়াড় শট নেওয়ার আগেই বল আটকাতে পেরেছেন তিনি।

তবে হার ঠেকানো যায়নি। ১৩ বছর পর ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবলের ফেরাটা হলো হারের হতাশায়।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found