এশিয়া কাপে ষষ্ঠ হওয়াই লক্ষ্য ছিল বাংলাদেশের। কারণ সেরা ছয়ে থাকলে পাওয়া যেত বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট। বাংলাদেশ ষষ্ঠ স্থানে থাকা নিশ্চিত করেছিল আগেই। কিন্তু পাকিস্তানকে বিশেষ সুবিধা দিতে বদলে গেছে বাইলজ। তাই বিশ্বকাপ বাছাইয়ে সরাসরি জায়গার জন্য আজ (রবিবার) জাপানকে হারাতেই হত বাংলাদেশের।
চাপের সেই ম্যাচে সেটা হয়নি। ভারতের রাজগিরীতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে পঞ্চম হয়ে জাপান সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলবে। আর ষষ্ঠ হওয়ায় বাংলাদেশকে এখন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ খেলতে হবে। ১৯৮২ থেকে ১২ বার এশিয়া কাপ হকিতে অংশ নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য একবার পঞ্চম হওয়া।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের ভেন্যু ও সময় এখনো ঠিক করেনি এশিয়ান হকি ফেডারেশন। তবে সিরিজটা হতে পারে ঢাকাতেও। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.), গণমাধ্যমে জানিয়েছেন, ‘‘ঢাকায় সিরিজটা আয়োজনের চেষ্টা করব আমরা। আমাদের টার্ফ পুরনো। এশিয়ান হকির পর্যবেক্ষক দল টার্ফ দেখে সন্তষ্ট হলে ঢাকায় সিরিজটা হতেই পারে।’’

নিরাপত্তার জন্য পাকিস্তান নাম প্রত্যাহার করে নিয়েছিল এশিয়া কাপ থেকে। এজন্য শেষ বেলায় বাংলাদেশ এই টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছে। এশিয়া কাপ শেষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে এখন সেই পাকিস্তানের মুখোমুখির অপেক্ষায় বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে আজ প্রথম কোয়ার্টারে দুই গোল আদায় করে। নবম মিনিটে ইয়ামসাকি আর ১৫ মিনিটে অপর গোলটি করেন শিনোহারা রোসুকে। ম্যাচে সিনোহরা গোল করেন তিনটি (১৫, ৩৬ ও ৫৬ মিনিটে)।
দ্বিতীয় কোয়ার্টারে গোল পায়নি কোনও দল। তৃতীয় কোয়ার্টারে জাপান পায় আরও দুই গোল করে। চতুর্থ কোয়ার্টারের শুরুতে জাপান আরেকটি গোল করে। বাংলাদেশের পক্ষে আমিরুল ইসলাম ৫৫ মিনিটে করেন একমাত্র গোলটি (ফিল্ড গোল)। সেই গোলের কিছুক্ষণ পরই পেনাল্টি কর্নার থেকে জাপান ব্যবধান বাড়িয়ে নেয় ৬-১’এ।



