মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ার মত হকির পরাশক্তি ছিল বাংলাদেশের গ্রুপে। এশিয়া কাপে তাই ষষ্ঠ হওয়ার লক্ষ্যে খেলতে গেছে বাংলাদেশ। মালয়েশিয়া বাংলাদেশকে হারিয়েছিল ৪-১ গোলে। আজ (সোমবার) গ্রুপের শেষ ম্যাচে কোরিয়ার কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারল বাংলাদেশ।
বাংলাদেশকে হারিয়ে হকি এশিয়া কাপের সুপার ফোরে নাম লিখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কোরিয়া। ‘বি’ পুল থেকে তাদের সঙ্গী হয়েছে মালয়েশিয়া।
ভারতের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে আগের ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে ৮-৩ গোলের জয়ের সুখস্মৃতি দ্রুত মিলিয়ে গিয়েছিল বাংলাদেশের। ৯ মিনিটে ফিল্ড ও ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল পায় কোরিয়া। দুটি গোলই করেন সন ডাইন। ১৩ মিনিটে বাংলাদেশ পেনাল্টি কর্নার পেলেও আশরাফুল ইসলামের ড্রাগ ফ্লিক সহজেই ঠেকান কোরিয়ান ডিফেন্ডাররা।

দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে কোরিয়া আরেকটি ফিল্ড গোল পায়। ২২ মিনিটে কোরিয়া স্কোরলাইন ৪-০ করে। এর ঠিক পরই বাংলাদেশের পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট সোহানুর রহমান সবুজ ব্যবধান কমিয়ে ১-৪ করেন।
২৯ মিনিটে আবার পেনাল্টি কর্নার পেলেও গোল করতে পারেননি আশরাফুল।
তৃতীয় কোয়ার্টারে দুই দল বেশ কয়েকটি আক্রমণ করলেও দেখেনি সফলতার মুখ। চতুর্থ কোয়ার্টারে রক্ষণের দিকেই বেশি নজর দেয় বাংলাদেশ। তবে ৬০ মিনিটে খেলা শেষ হওয়ার হুটার বাজার আগে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান ৫-১ করেন কোরিয়ার ইয়াং জি হুন।
বাংলাদেশ ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে শেষ করল পুলপর্ব।



