রিয়াল মাদ্রিদ একাডেমিতেই বেড়ে উঠেছেন আলভারো ক্যারেরাস। ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত সেই একাডেমিতে গড়ে উঠে পাড়ি জমান ম্যানচেস্টার ইউনাইটেডে। তখন তার সতীর্থ ছিল রিয়ালের বর্তমান তরুণ তারকা রাউল অ্যাসেনসিও। সেখান থেকে প্রেসনট নর্থ, গ্রানাদা, বেনফিকা হয়ে ২২ বছর বয়সী এই লেফট-ব্যাক আবারও ফিরলেন রিয়ালে।
রেকর্ড ৫০ মিলিয়ন ইউরোয় বেনফিকা থেকে রিয়াল নিশ্চিত করেছে ক্যারেরাসকে। হয়ে গেছে তার মেডিক্যালও। ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে পিএসজির কাছে বিধ্বস্ত হওয়ার পর দাম নিয়ে আর দর কষাকষিতে যায়নি রিয়াল।

লা লিগার ইতিহাসে সবচেয়ে দামি লেফট-ব্যাক ছিলেন এতদিন ফেরলান্দ মেন্দি। ২০১৯-২০ মৌসুমে তাকে ৪৮ মিলিয়ন ইউরোয় লিঁও থেকে তাকে কিনেছিল রিয়াল। সেই রেকর্ডটাই ভাঙলেন ক্যারেরাস।
জাবি আলোনসো রিয়ালের দায়িত্ব নেওয়ার পর বদলে গেছে রক্ষণভাগ। দলে যোগ দিয়েছেন রাইট-ব্যাক ট্রেন্ড আলেকজান্ডার-আরনল্ড। নতুন এসেছেন সেন্টার-ব্যাক ডিন হাউসেন।

এই দুজন ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল না খেলায় পিএসজি গুঁড়িয়ে দিয়েছিল রিয়ালকে। তাই রক্ষণ শক্তিশালী করতে এবার লেফট-ব্যাক ক্যারেরাসকে নিয়ে এলেন জাবি।



