Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

রিয়ালের কি প্রয়োজন ফুরিয়েছে ভিনির?

vini-6
[publishpress_authors_box]

কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে এলে ভিনিসিয়ুস জুনিয়রের কী হবে? ফরাসি ফরোয়ার্ডের দলবদলের গুঞ্জনে মাদ্রিদের ক্লাবটির নাম জোরালোভাবে উচ্চারিত হওয়ার সময় স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ব্রাজিলিয়ান উইঙ্গার। ‍দুজনই যে একই পজিশনের খেলোয়াড়!

সব উৎকণ্ঠা হাওয়ায় মিলিয়ে এমবাপ্পে-ভিনি জুটির রসায়ন জমিয়ে তুলেছিলেন তখনকার রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। দুই তারকার মধ্যে ভারসাম্য বজায় রেখে আক্রমণের ছক কষেছিলেন ইতালিয়ান ট্যাকটিশিয়ান।

আনচেলত্তির একসময়কার ছাত্র জাবি আলোনসো শিক্ষকের ছায়ায় চলবেন- এমনটা ভাবার সুযোগ নেই। আনচেলত্তির পথে হাঁটছেনও না রিয়ালের নতুন কোচ। ‘ভারসাম্য’ করে দল চালানো তার পরিকল্পনায় নেই। তিনি দলে ‘এক রাজা’য় বিশ্বাসী। সেকারণেই কিনা এবারের গ্রীষ্মে কোচের দায়িত্ব নিয়ে দল সাজিয়েছেন এমবাপ্পেকে মধ্যমণি করে। মাঠের ফুটবলেও সেটি স্পষ্ট। এমবাপ্পের উপস্থিতি সর্বত্র, বিপরীতে স্রেফ সাধারণ এক খেলোয়াড়ে পরিণত হচ্ছেন ভিনিসিয়ুস।

২০২২ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল কিংবা প্রতিযোগিতাটির ২০২৪ সালের শিরোপা নির্ধারণী মঞ্চে ভিনির আলোয় উজ্জ্বলতা ছড়িয়েছিল রিয়াল। সেই ভিনি এখন অপরিহার্য নন, তাকে ছাড়াও একাদশ গড়া যায় কিংবা মাঠ থেকে তুলে নেওয়া যায়! একটু একটু করে জমাট বাঁধা ক্ষোভের বিস্ফোরণই যেন হলো রবিবারের এল ক্লাসিকোতে। ভিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। কোচ আলোনসোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বুঝিয়ে দিলেন ফুটবলবিশ্বকে।

অবস্থা এতটাই জটিল হয়ে দাঁড়িয়েছে যে, ভিনি আর রিয়াল থাকবেন কিনা- এই সম্ভাবনা প্রবল হচ্ছে। অন্যদিকে মেজাজ হারানো ব্রাজিলিয়ান তারকাকে রিয়াল রাখবে কিনা- এ প্রশ্নও দানা বাঁধছে।

অন্য কেউ নন, ভিনি নিজেই রিয়াল ছাড়ার কথা বলেছেন! সান্তিয়াগো বার্নাব্যুর এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারানোর ম্যাচে ২০ মিনিট আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে তুলে নেন রিয়াল কোচ। দারুণ পারফরম্যান্সের পরও মাঠ থেকে তুলে নেওয়া হচ্ছে দেখে হতাশ-হতবাক ভিনি। মাঠের ভেতরেই বলতে থাকেন- “আমি! আমি! বস, বস! আমি!”

অবস্থা আরও বেগতিক হয়, বদলি হওয়া স্বদেশি রোদ্রিগোর সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছাড়ার সময়। আলোনসোকে পাশ কাটিয়ে ডাগ আউটে না গিয়ে তিনি সোজা টানেল দিয়ে বেরিয়ে যান। যেতে যেতে বলতে থাকেন, “সবসময় আমাকেই, আমি দল ছেড়ে দিচ্ছি। আমি চলে যাচ্ছি, আমার চলে যাওয়াটাই ভালো।”

চলতি মৌসুমে তিন ম্যাচে একাদশে জায়গা হয়নি ভিনিসিয়ুসের। বদলি হয়ে মাঠ ছাড়ছেন প্রায় প্রত্যেক ম্যাচেই। রিয়ালের জার্সিতে যিনি গত মৌসুমেও অপরিহার্য ছিলেন, সেই তিনি যখন নিজের এই অবস্থা দেখছেন, বারবার অপমানিত হচ্ছেন; তখন আর ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি।

এই পরিস্থিতিতে ক্লাবকেও নাকি পাশে পাচ্ছেন না এই ফরোয়ার্ড। মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক এএস-এর খবর, রিয়াল মাদ্রিদ আলোনসোর সিদ্ধান্তকেই সম্মান জানাচ্ছে। কোচের সিদ্ধান্তের বিরোধিতায় ভিনিকেই কাঠগড়ায় তুলছে তারা। শিগগিরই নাকি মুখোমুখি বসতে যাচ্ছেন ভিনি-আলোনসো। সেখানেই ভিনিকে নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে বলে খবর এএস-এর।

২০২৭ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ভিনি। তবে ইউরোপিয়ান মিডিয়ার খবর, সামনের জানুয়ারিতে শীতকালীন দলবদলে বার্নাব্যু ছাড়তে পারেন ব্রাজিলিয়ান তারকা। তার সম্ভাব্য গন্তব্য হতে পারে প্রিমিয়ার লিগ। বিশ্বের সবচেয়ে জমজমাট লিগের শীর্ষ ছয় দলের প্রত্যেকে অতীতে ভিনিকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর খবর, চেলসি ও ম্যানচেস্টার সিটি হতে পারে ভিনিসিয়ুসের সম্ভাব্য গন্তব্য। এছাড়া লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও টটেনহামও বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডকে দলে টানতে পারে।

আলোনসোর রিয়াল মাদ্রিদে ভিনি থাকতে চান না। রিয়ালও নাকি তাকে ছেড়ে দিতে পারে। তাহলে কি রিয়ালের প্রয়োজন ফুরিয়েছে ভিনির?

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found