কোভিডে ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে, এ সময়ে রোগটি ধরা পড়েছে আরও সাতজনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মৃত্যু হয়েছে আরও দুইজনের। তাদের নিয়ে চলতি বছরে কোভিডে মৃত্যু হলো ২২ জনের। আর ২০২০ সাল থেকে এখন পর্যন্ত মৃত্যু হলো ২৯ হাজার ৫২১ জনের।
অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয় ১৮১টি, তাতে রোগী শনাক্ত হয়েছে সাতজন। তাদের নিয়ে চলতি বছরে কোভিড ধরা পড়েছে ৫৩৫ জনের। আর দেশে এখন পর্যন্ত কোভিড শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ৮০ জনের।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৮৭ শতাংশ। দেশে মোট রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোভিডে ২৪ ঘণ্টায় যারা মারা গেছে তাদের একজন পুরুষ, একজন নারী। চলতি বছর যে ২২ জন মারা গেছে তাদের মধ্যে ১২ জন নারী, ১০ জন পুরুষ। দেশে মোট মৃত ২৯ হাজার ৫২১ জনের মধ্যে নারী ১০ হাজার ৬৯১ জন আর পুরুষ ১৮ হাজার ৮৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে মারা যাওয়া ২২ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছে ৮ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, খুলনা বিভাগের ৩ জন ও সিলেট বিভাগের ১ জন।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) জানিয়েছে, বাংলাদেশে অমিক্রনের দুটি নতুন সাব ভ্যারিয়েন্ট এক্সএফজি ও এক্সএফসির আবির্ভাব হয়েছে, যা সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
স্বাস্থ্য অধিদপ্তর কোভিড সংক্রমণ প্রতিরোধে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার অনুরোধসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে। সব হাসপাতালে করোনার জন্য শয্যা প্রস্তুতের নির্দেশও দিয়েছে। প্রয়োজনে আইইডিসিআরের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে (০১৪০১-১৯৬২৯৩)।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। ২০২০ সালের ৮ মার্চ দেশে তিনজন রোগী শনাক্ত হওয়ার কথা জানায় আইইডিসিআর। ১০ দিন পর ১৮ মার্চে প্রথম মৃত্যুর কথাও জানায় প্রতিষ্ঠানটি।

