গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে এ রোগে আক্রান্ত নতুন কোন রোগী শনাক্ত হয়নি।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল আটটা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ১১১ টি নমুনা পরীক্ষা হলেও তাতে কোনও রোগী শনাক্ত হয়নি। তবে এ সময়ে মৃত্যু হয়েছে একজনের। তাতে করে চলতি বছরে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৩১ জনের, আর শনাক্ত রোগী সংখ্যা ৭২২ জন।
অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় যার মৃত্যু হয়েছে সেই নারী ঢাকা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ৩ রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয়। সে থেকে দেশে এখন পর্যন্ত কোভিডের ১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা হয়েছে, তাতে রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৬৭ জন আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫৩০ জনের।
কোভিড মহামারী শুরুর পর প্রথম বছর ২০২০ সালে ৭ হাজার ৫৫৯ জনের প্রাণ কেড়েছিল করোনাভাইরাস। এরপর সবচেয়ে বেশি ২০ হাজার ৫১৩ জনের মৃত্যু হয় ২০২১ সালে। এরপর ২০২২ সালে ১ হাজার ৩৬৮ জন, ২০২৩ সালে ৩৭ জন এবং ২০২৪ সালে ২২ জন মারা যান কোভিডে।
ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন করে সতর্কতা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলা হয় সব স্থল ও বিমানবন্দরে।
