বাংলা নববর্ষকে বাঙালি জাতির প্রাণের উৎসব অভিহিত করে পহেলা বৈশাখের বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তারা বলেছেন, জণগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে, বাঙালি জাতির জাতিসত্বাবোধ বিনষ্ট করা অসম্ভব।
তারা মনে করেন, বাংলা ভাষা ও সংস্কৃতি বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য। ধর্ম-বর্ণের দোহাই দিয়ে বাঙালি জাতির কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য মুছে ফেলার অপচেষ্টা কখনোই সফল হবে না।
জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন মোহাম্মদপুর থানা ও স্থানীয় শিশু কিশোর সংগঠন শৈশব মেলা বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার ঢাকার মোহাম্মদপুরস্থ বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে আয়োজিত এ অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনটির সদস্য সচিব রুস্তম আলী খোকন।
ড. তারিকুজ্জামান সুদানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা ও সংস্কৃতি আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লেখক সাংবাদিক সাইফুর রহমান তপন, খেলাঘরের উপদেষ্টা আহসান হাবিব লাভলু, পরিজা সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল, শৈশব মেলা বাংলাদেশ এর সভাপতি গোলাম কিবরিয়া অপু, শিক্ষা সংস্কৃতি আন্দোলনের নেতা সৈয়দ বাবলু, নাজমুল হাসান, অনন্ত রূপ চক্রবর্তী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সাম্প্রতিককালে সারাদেশে উগ্রবাদী গোষ্ঠী বাঙালি সংস্কৃতির ওপর নানাভাবে আঘাত হানছে। পহেলা বৈশাখকে ধর্মের বিরুদ্ধে উপস্থাপন করার পুরোনো অপচেষ্টায় এই মৌলবাদী উগ্রবাদী মহল লিপ্ত। কতক ক্ষেত্রে অন্তবর্তীকালীন সরকারের নির্লিপ্ততা জণগণকে বিস্মিত করছে।
তারা বলেন, বায়ান্নর চেতনায় মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে বাঙালি এবং বাংলাদেশ এগিয়ে যাবে। বায়ান্ন ও একাত্তরের চেতনায় মৌলবাদ, দুর্নীতি, দুর্নীতিবাজ, অগণতান্ত্রিক স্বৈরাচারী স্বেচ্ছাচারী অপশাসনসহ সব অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে বাংলাদেশ বদ্ধপরিকর।



