সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানকে প্রত্যাহার করা হয়েছে। একদিনের নোটিস দিয়ে তাকে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।
সোমবার পুলিশ সদর দপ্তরের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানে হয়।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিমের সই করা এক চিঠিতে, আ ফ ম আনোয়ার হোসেন খানকে তার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে মঙ্গলবারই সদর পুলিশ দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।
‘পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টের নির্দেশ’ শীর্ষক ওই চিঠিতে বলা হয়, “পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে আপনি আগামী ১৮ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়র্টার্স, ঢাকায় রিপোর্ট করবেন। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই স্মারক জারি করা হলো।”
গত বছরের ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের পুলিশ সুপার হিসাবে দায়িত্ব নেন আনোয়ার হোসেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বিভিন্ন ঘটনায় বিতর্কিত হন। গত বছরের ৪ ডিসেম্বর জেলার দোয়ারাবাজার উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনার পর তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনেন স্থানীয় পুজা উদযাপন পরিষদের নেতারা।
গত ৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের পুলিশ সুপারের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে তার অপসারণ দাবি করে সুনামগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ।
রবিবার দৈনিক যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে আনোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুস, সীমান্তে চোরাচালান, অবৈধ বালু ব্যবসা, জলমহাল দখল, পাসপোর্ট ভেরিফিকেশন, পুলিশের বদলি বাণিজ্যসহ নানা অভিযোগ আনা হয়।
এ বিষয়ে জানতে আ ফ ম আনোয়ার হোসেনের সরকারি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেছিল সকাল সন্ধ্যা। তবে তিনি টেলিফোন রিসিভ করেননি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ সকাল সন্ধ্যাকে বলেন, “এখনও স্যার দায়িত্বে আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”



