হামজা চৌধুরী ঢাকায় এসেছেন আগেই। ফ্লাইট মিসের পর নিজের টাকায় টিকিট কিনেও যোগ দিয়েছেন দলের সঙ্গে। মঙ্গলবার রাতে ঢাকা এসেছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোমও। ১৮ নভেম্বর ভারতের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের প্রস্তুতিতে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই নেপালের ফুটবলাররাও এসে পড়েছেন ঢাকায়।
মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন কানাডার ক্লাব কাভালরি এফসিতে খেলা মিডফিল্ডার শমিত সোম। কানাডায় সোমবার লিগ ম্যাচে অংশ নেওয়ার পর সরাসরি বাংলাদেশে উড়াল দেন এই ২৮ বছর বয়সি ফুটবলার। দীর্ঘ ভ্রমণের কারণে ক্লান্তি কাটিয়ে বিশ্রাম নিয়ে আগামীকাল বিকেলে দলের অনুশীলনে যোগ দিতে পারেন শমিত।

হামজা চৌধুরী অনুশীলনে যোগ দেওয়ায় নেপালের বিপক্ষে খেলবেন নিশ্চিতভাবে। তবে দীর্ঘ ভ্রমণ করে আসা শমিত সোম কী খেলবেন? কোচ হাভিয়ের কাবরেরা জানালেন, ‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সঙ্গে হামজা যুক্ত হয়েছে, যেটা ভালো দিক। আসবে শমিতও। সে যখন ফিরবে তখন কেমন অনুভব করে, সেটা দেখার বিষয়। প্রথমত, তাদের দেখভাল করতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন ভারতের বিপক্ষে সেরা অবস্থায় খেলতে পারে তারা। আশা করি, খেলার সুযোগ পাবে দুজনই।’’
নেপালের বিপক্ষে ম্যাচটা প্রীতি হওয়ায় ১৭ জনকে খেলাতে চান কাবরেরা, ‘‘ভারত ম্যাচের জন্যই আমরা প্রস্তুত হচ্ছি। (নেপালের সঙ্গে) সেরা একাদশের সঙ্গে বেঞ্চের ছয় জন মিলিয়ে ১৭ জনকে আমরা যথাসম্ভব ম্যাচ টাইম দেব। ভারতের বিপক্ষে জিততে খুবই ভালোভাবে প্রস্তুতি নেওয়ার দিকে আমরা মনোযোগ দিতে চাই।’’



