নারী বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ডে ভুরপুর এক জয় পেয়েছে তারা। দলগত, ব্যক্তিগত সব ক্ষেত্রেই বাংলাদেশ রেকর্ড গড়েছে এই ম্যাচে।
থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়টি ১৭৮ রানের। নারী ওয়ানডেতে রানের হিসেবে এত বড় জয় নেই আর কোন দলের। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের ১৫৪ রানের জয় ছিল সর্বোচ্চ।
আগে ব্যাট করে নিগার সুলতানা জ্যোতির রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৭১ রান করেছে বাংলাদেশ নারী দল। জ্যোতি ৮০ বলে ১০১ রান করেন। ৭৪ বলে সেঞ্চুরি করে দেশের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরিয়ান হয়েছেন তিনি।
রান তাড়ায় নেমে থাইল্যান্ড মাত্র ৯৩ রানে অলআউট হয়। লেগ স্পিনার ফাহিমা খাতুন ও অফস্পিনার জান্নাতুল ফেরদৌস দুজনই নেন ৫ উইকেট করে। ওয়ানডেতে কোন এক ইনিংসে দুই বোলারের মিলিত ১০ উইকেটে ঘটনা এটাই প্রথম।

ওয়ানডেতে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। গত নভেম্বরের আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছিল তারা। ম্যাচের প্রথম ইনিংসে করা ২৭১ রান ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রান।
প্রায় সাত বছর পর ওয়ানডে খেলতে নেমে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন সুমনা। ফাহিমার খরচ ২১ রান। এই দুজনের আগে ওয়ানডেতে বাংলদেশের হয়ে ৫ উইকেট নিতে পেরেছিলেন শুধু খাদিজাতুল কুবরা ও নাহিদা আক্তার।

৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন শারমিন আক্তার। ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি। তৃতীয় উইকেটে নিগার ও শারমিন মিলে গড়েন ১৫২ রানের জুটি। এই সংস্করণে যে কোনো উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। গত ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ফারজানা ও শারমিনের ১৪৩ রানের জুটি ছিল আগের রেকর্ড।
১৩ এপ্রিল দ্বিতীয় ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।



