নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে বিধ্বস্ত করল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) জার্মানির বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে ভারত। তারা জিতেছে ৬৩-২২ পয়েন্টে।
এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল ভারত। তাতে সেমিফাইনালের পথটাও প্রশস্ত হল বিশ্ব কাবাডির পরাশক্তিদের। থাইল্যান্ডকে ৬৫-২০ পয়েন্টে হারিয়ে প্রতিযোগিতা শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত ৪৩-১৮ পয়েন্টে জিতেছিল বাংলাদেশের বিপক্ষে। শেষ গ্রুপ ম্যাচে উগান্ডার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা জার্মানিকে শুরু থেকেই চেপে ধরে ভারত। তিনবার প্রতিপক্ষকে অলআউট করে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় ঋতু-সাক্ষী শার্মারা। ৩৫-৯ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।

দ্বিতীয়ার্ধেও ভারতের কাছে পাত্তা পায়নি জার্মানি। শারীরিক শক্তি ও টেকনিক—সব দিক থেকেই পিছিয়ে থাকা জার্মানরা এ অর্ধে তিন মিনিটের মধ্যে অলআউট হয়। ভারত তখন এগিয়ে ৪৬-১২ পয়েন্টে। এরপর জার্মানিকে আরও একবার অলআউট করে বড় জয়ের পথে ছুটতে থাকে দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) চারবারের স্বর্ণজয়ীরা। শেষ পর্যন্ত ভারত ম্যাচ জিতে নেয় ৪১ পয়েন্টের ব্যবধানে (৬৩-২২)।
আজ অপর ম্যাচে ইরানকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে চাইনিজ তাইপে। চতুর্থ ম্যাচে এসে প্রথম হার দেখল ২০১২ বিশ্বকাপের রানার্সআপ ইরান।
ম্যাচের শুরুতে দুবার এগিয়ে যায় ইরান। গত বিশ্বকাপের রানার্সআপদের স্বস্তি কেড়ে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪-৪ পয়েন্টে সমতায় ফিরে চাইনিজ তাইপে। এরপর তারা দারুণ গতিতে ছুটতে থাকে। ইরানকে এক দফা অল আউট করে ১০-৫ পয়েন্টে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের শেষদিকে ইরান টানা ৪ পয়েন্ট পেলেও চাইনিজ তাইপে প্রথমার্ধ শেষ করে ১৭-১১ ব্যবধানে এগিয়ে।

দ্বিতীয়ার্ধে ইরান চেষ্টার ত্রুটি রাখেনি, কিন্তু টেকনিকে তাইনিজ তাইপের সাথে পেরে ওঠেনি তারা। কাবাডি বিশ্বকাপের প্রথম আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া চাইনিজ তাইপে এ অর্ধেও আধিপত্য ধরে রাখে। একের পর এক পয়েন্ট তুলে তারা ম্যাচ জিতে নেয় ৩১-২১ পয়েন্টে।
জাঞ্জিবার ও কেনিয়াকে আগের দুই ম্যাচে হারিয়ে আসা চাইনিজ তাইপে এবারের আসরের পদকের অন্যতম দাবীদার হয়ে উঠেছে।



