Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

পেনাল্টি মিসে সৌদি ক্লাবে আটকাল রিয়াল মাদ্রিদ

ফেদে ভালভার্দের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন আল হিলাল গোলকিপার ইয়াসিন বোনো। ছবি: এক্স
ফেদে ভালভার্দের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন আল হিলাল গোলকিপার ইয়াসিন বোনো। ছবি: এক্স
[publishpress_authors_box]

রেফারি প্রায় মিনিটখানেক মাঠের পাশে থাকা স্ক্রিনে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন। কী সিদ্ধান্ত দেবেন, খানিকক্ষণ ভাবলেন। এরপর বাঁশি বাজিয়ে হাতের ইশারায় সংকেত দিলেন পেনাল্টির। ম্যাচ ঘড়ির কাটা ততক্ষণে ৮৯ মিনিট পেরিয়ে গেছে। স্পট কিক থেকে গোল করলেই ক্লাব বিশ্বকাপ জয় দিয়ে শুরু করবে রিয়াল মাদ্রিদ।

কিন্তু ম্যাচের ভাগ্যে লেখা ছিল অন্যকিছু। স্পট কিক নেওয়া ফেদে ভালভার্দের দুর্বল শট ঠেকিয়ে দিয়ে নায়ক বনে গেলেন ইয়াসিন বোনো। তাতে ক্লাব বিশ্বকাপে নতুন ইতিহাস লিখল আল হিলাল। সৌদি আরবের এই ক্লাবটি বৈশ্বিক প্রতিযোগিতায় আটকে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হট ফেভারিট রিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আল হিলাল।

কাড়ি কাড়ি অর্থ খরচ করে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছে সৌদি আরব। ক্লাব ফুটবলকে ইউরোপের সঙ্গে টেক্কা দিচ্ছে তারা। গত কয়েক বছরে দেশটির ফুটবল কোথায় গিয়ে পৌঁছেছে, রিয়ালকে ঠেকিয়ে দিয়ে সেটিরই যেন প্রমাণ দিল আল হিলাল। শুধু ঠেকিয়ে দেওয়া কেন হবে, এই ম্যাচ সৌদি ক্লাবটি জিতেও যেত পারতো!

প্রথমার্ধের পারফরম্যান্সের বিবেচনায় রিয়ালের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছে আল হিলাল। চমৎকার ফুটবলে মাদ্রিদের ক্লাবটিকে কোণঠাসা করে রেখেছিল। বিপরীতে ছন্নছাড়া ফুটবলে রিয়ালকে রক্ষণই সামলাতে হয়েছে বেশি।

যদিও ম্যাচের প্রথম গোলটা রিয়ালেরই। নতুন কোচ জাবি আলোনসোর রিয়ালও যে প্রতিআক্রমণে দুর্দান্ত, সেটিরই প্রমাণ মেলে ম্যাচের ৩৪ মিনিটে। নিজেদের বক্স থেকে বল নিয়ে দুরন্ত গতিতে সাদা জার্সিধারীরা পৌঁছে যায় আল হিলালের অর্ধে। এরপর রোদ্রিগোর ডিফেন্সচেড়া পাসে লক্ষ্যভেদ গনসালো গার্সিয়ার।

কিলিয়ান এমবাপ্পের জ্বরের কারণে একাদশে সুযোগ পেয়েছেন রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা এই ফরোয়ার্ড। তার পা থেকেই রিয়াল এগিয়ে যায়।

গোলশোধে মরিয়া আল হিলাল প্রথমার্ধেই সফল। রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিও নিজেদের বক্সে ফাউল করলে পেনাল্টি পায় সৌদি ক্লাবটি। স্পট কিক থেকে বল জালে জড়াতে ভুল করেননি রুবেন নেভেস। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে রিয়ালের খেলায় ধার বাড়তে থাকে। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে। তবে সেগুলো গোলে রূপ দিতে পারেনি তারা। নির্ধারিত সময়ের শেষ দিকে পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ হয় দলটি। ফলে পয়েন্ট হারিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করল মাদ্রিদের ক্লাবটি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found