প্রথম ওয়ানডেতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। ৫ রানে ৭ উইকেট হারিয়ে জেতার পথে থাকা ম্যাচ হেরেছেন মেহেদী হাসান মিরাজরা। এমন সময়ই কিনা লন্ডন যাচ্ছেন জাতীয় দলের কোচ ফিল সিমন্স।
আগামীকাল শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ। এর আগে দুই দিনের জন্য আজ (শুক্রবার) যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন সিমন্স।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক নাফিস ইকবাল জানিয়েছেন, ৭ জুলাই আবার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই তারকা।
সিমন্সের লন্ডনে যাওয়াটা নির্ধারিত ছিল বলে জানিয়েছেন নাফিস। চ্যাম্পিয়নস ট্রফির জন্য গত ফেব্রুয়ারিতে লন্ডন যেতে পারেননি তিনি। এবারও চিকিৎসককে দেখানোর ব্যাপারটা পিছিয়ে দিতে চেয়েছিলেন। সেটা সম্ভব হয়নি জানিয়ে নাফিস বললেন, ‘‘এবারের অ্যাপয়েন্টমেন্ট পরিবর্তন করা সম্ভব ছিল না কোনোভাবে। সিমন্স বোর্ডের সঙ্গে এ নিয়ে কথা বলে রেখেছিলেন শ্রীলঙ্কা যাওয়ার আগেই। তিনি চেষ্টা করেছিলেন সময়টা পরিবর্তন করার, কিন্তু সম্ভব হয়নি। তিনি ফিরে আসবেন ৭ জুলাই।’’
সিরিজের শেষ ওয়ানডে ৮ জুলাই পাল্লেকেলেতে। এর একদিন আগে দলের সঙ্গে যোগ দিবেন সিমন্স।



