Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আইএইএকে সহযোগিতা বন্ধ করার পথে ইরান

২০২৪ সালে আইএইএর পরিদর্শকদের নিয়ে ফোরদো পরমাণবিক জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিব আবাদি। ফাইল ছবি
২০২৪ সালে আইএইএর পরিদর্শকদের নিয়ে ফোরদো পরমাণবিক জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিব আবাদি। ফাইল ছবি
[publishpress_authors_box]

ইরানকে আলোচনার টেবিলে আনতে হামলা হলেও যুদ্ধবিরতির পর এখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) সহযোগিতা বন্ধের পথে হাঁটছে দেশটি।

জাতিসংঘ সংস্থাটিকে সহযোগিতা বন্ধ করতে ইরান পার্লামেন্টে একটি বিল বা প্রস্তাব গ্রহণ করা হয়েছে বুধবার খবর দিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম।

ইরানের আইনপ্রণেতাদের অভিযোগ, আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির একটি পক্ষপাতদুষ্ট প্রতিবেদনকে অজুহাত দেখিয়েই দেশটির ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালায়।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরাশক্তিগুলোসহ ইসরায়েলের উদ্বেগ দীর্ঘদিনের। ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য শুধু বিদ্যুৎ উৎপাদন। অন্যদের সন্দেহ, ইরান এর আড়ালে পরমাণু বোমা তৈরি করছে।

এই প্রেক্ষাপটে পরাশক্তিগুলোর চাপে নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো আইএএইএকে নিয়মিত পরিদর্শন করতে দিতে রাজি হতে হয় ইরানকে।

ইরান পরমাণু বোমা তৈরির মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে- আইএইএর এক প্রতিবেদন আসার পর গত ১৩ জুন ইরানে বোমা হামলা শুরু করে ইসরায়েল। ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়তে থাকে ইসরায়েলে। এরপর গত শনিবার যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।

১২ দিন যুদ্ধের পর মঙ্গলবার উভয় পক্ষ যুদ্ধবিরতিতে যাওয়ার পরদিনই আইএইএকে সহযোগিতা বন্ধের পদক্ষেপ নেওয়া হলো ইরানের পার্লামেন্টে।

পার্লামেন্ট সদস্যরা সর্বসম্মতভাবে জাতিসংঘ পারমাণবিক সংস্থাকে ইরান সরকারের সহযোগিতা স্থগিত করার বিষয়টি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনেকে বিবেচনা করার প্রস্তাব গ্রহণ করেন।

প্রস্তাব উত্থাপনকারী পার্লামেন্ট সদস্যরা বলেন, আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির পক্ষপাতদুষ্ট প্রতিবেদনটি ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করতে উৎসাহিত করে এবং যুক্তরাষ্ট্রকে ইস্পাহান, ফোরদো ও নাতাঞ্জে পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালাতে প্ররোচিত করে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা বন্ধে কোনও পদক্ষেপ না থাকা, এমনকি এর নিন্দাটুকুও না জানানোয় আইএইএর সমালোচনা করেন।

তিনি বলেন, আইএইএ তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আইএইএকে সহযোিগতা স্থগিত রাখা দরকার।

পার্লামেন্টে গৃহীত এই প্রস্তাব এখন ইরানের গার্ডিয়ান কাউন্সিলের কাছে যাবে। যারা এটি পরীক্ষা করবে। তাদের সায় পেলে বিলটি অনুমোদনের জন্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে যাবে। তারা অনুমোদন দিলে ইরান সরকার আইএইএকে সহযোগিতা বন্ধ করে দেবে।

পার্লামেন্টে স্পিকার বাকের বলেন, “ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত এগিয়ে যাবে।”

শনিবারের হামলায় ইরানের পারমাণবিক উচ্চাভিলাষ গুঁড়িয়ে দেওয়া হয় বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; যদিও পেন্টাগনের মূল্যায়ন ভিন্ন।

ইরান দাবি করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তাদের পারমাণবিক স্থাপনার ক্ষতি সামান্যই হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই একই সুরে বলেছেন, তারা পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেবেন।

ইরান সব সময় আলোচনাকে যে কোনও সমস্যা সমাধানের পথ মনে করে দাবি করে বাগাই বলেন, যুক্তরাষ্ট্রই কূটনৈতিক সমাধানের সব পথ বন্ধ করে দেয়।

আইএইএর সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, সম্পর্ক স্থগিত করার প্রস্তাব পার্লামেন্টে গৃহীত হয়েছে, শেষ করার নয়।

“একটি জাতি যখন ভয়াবহ আগ্রাসনের শিকার হয়, তখন সেই জাতির প্রতিনিধিরা আইএইএর সঙ্গে কাজের সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে, তাই হওয়াটাই কি স্বাভাবিক নয়?”

বাগেই বলেন, গৃহীত প্রস্তাব একটি দিক-নির্দেশনা দিয়েছে যে ভবিষ্যতে আইএইএর সঙ্গে ইরানের সম্পর্ক কেমন হবে, যেখানে ইরানের পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।    

বিশ্বকে পারমাণবিক বিপর্যয় থেকে রক্ষায় যে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি রয়েছে, তার প্রতি ইরানের অঙ্গীকার রয়েছে জানিয়ে এই চুক্তির অধীনে ইরানের অধিকার রক্ষা নিশ্চিতের ওপরও জোর দেন তিনি।

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ইরানেরও থাকার কথা তুলে ধরে বাগাই বলেন, “যদি আমরা এনপিটির দায়িত্বশীল সদস্য হতে চাই, তবে এই চুক্তিতে প্রতিটি রাষ্ট্রকে যে অধিকার দেওয়া হয়েছে, তা ভোগ করতে দিতে হবে।”

তথ্যসূত্র : আল জাজিরা, তাসনিম নিউজ এজেন্সি

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found