Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

হেডের রেকর্ড সেঞ্চুরি, দুই দিনে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

ট্রাভিস হেডের সেঞ্চুরি উদযাপন। ছবি: এক্স
ট্রাভিস হেডের সেঞ্চুরি উদযাপন। ছবি: এক্স
[publishpress_authors_box]

টেস্ট ক্রিকেটের সবচেয়ে জমজমাট লড়াই অ্যাশেজ। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের কাছে যা মর্যাদার লড়াই। সেই মঞ্চে দাঁড়িয়ে তাণ্ডবময় ব্যাটিংয়ে নতুন কীর্তি গড়লেন ট্রাভিস হেড। অ্যাশেজে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে মাত্র দুই দিনে পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে জয় উপহার দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

১০৪ বছর পর আবার ঘটল এই ঘটনা। সেই ১৯২১ সালে সর্বশেষ দুই দিনে নিষ্পত্তি হয়েছিল অ্যাশেজের কোনও ম্যাচ। সেবার নটিংহাম টেস্টে অস্ট্রেলিয়া দুই দিনে জিতেছিল ১০ উইকেটে।

আর এবার পার্থ স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। সফরকারীদের ২০৫ রানের লক্ষ্যে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেছেন হেড। খেলেছেন ৮৩ বলে ১২৩ রানের ঝড়ো ইনিংস। দুর্দান্ত এই ইনিংস খেলার পথে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। রান তাড়া করতে নেমে চতুর্থ ইনিংসে দ্রুততম সেঞ্চুরি এখন হেডের দখলে। মাত্র ৬৯ বলে তিন অঙ্কের ঘর ছুঁয়েছেন তিনি।

সেটাও নিয়মিত পজিশনে না খেলে। ওপেনার উসমান খাজা অস্বস্তিবোধ করায় অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট হেডকে ওপেনিংয়ে পাঠায়। নেমেই খেলতে থাকেন একের পর এক চার-ছক্কা। ২০৫ রানের লক্ষ্যে হেড একাই করেছেন ১২৩ রান।

টেস্ট ক্রিকেটে এতদিন চতুর্থ ইনিংসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ইংল্যান্ডের গিলবার্ট জেসফের। ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৬ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। ১২৩ বছর পর ৬৯ বলে সেঞ্চুরি করে তার রেকর্ডটি নিজের করে নিয়েছেন হেড।

হেড যখন আউট হলেন, অস্ট্রেলিয়া জয় থেকে তখন মাত্র ১৩ রানের দূরত্বে। সহজ এই কাজটি সম্পন্ন করেছেন মার্নাস লাবুশেন (৫১*) ও স্টিভেন স্মিথ (২)। হেডের আগে আউট হওয়া অন্য ব্যাটার জ্যাক ওয়েদারল্ড (২৩)।

এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৩২ রানে অলআউট হলে ৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু অস্ট্রেলিয়ান পেসারদের তোপে বড় লক্ষ্য দিতে পারেনি সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয় ১৬৪ রানে।

প্রথম ইনিংসে ৭ উইকেট পাওয়া মিচেল স্টার্কের এবার শিকার ৩টি। ম্যাচে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা বাঁহাতি পেসার।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত