Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

এডিপি : ৪ মাসে গতবারের চেয়ে ২ হাজার কোটি টাকা কম খরচ

ss-Dhaka-Elevated-Expressway-160524
[publishpress_authors_box]

গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের উন্নয়ন কাজে যে ধাক্কা লেগেছিল, তা এখনও অব্যাহত আছে। চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৮ দশমিক ৩৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

গত ২০২৪-২৫ অর্থ বছরের শুরু থেকে আন্দোলন ও পরে অগাস্টে ক্ষমতার পালাবদলে সৃষ্টি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি প্রশাসনে রদবদলের ধাক্কায় সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে যে ধীরগতি দেখা দিয়েছিল, তা এখনও চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চার মাসের এডিপি বাস্তবায়নের তথ্য সে কথাই বলছে।

বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত এডিপি বাস্তবায়নের সবশেষ পরিসংখ্যানে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থ বছরের জুলাই-অক্টোবর সময়ে অর্থ ব্যয় হয়েছে ১৯ হাজার ৮৭৮ কোটি ৩৪ লাখ টাকা; যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২১ হাজার ৯৭৮ কোটি ১৭ লাখ টাকা।

এ হিসাবে দেখা যাচ্ছে, গত অর্থ বছরের জুলাই-অক্টোবর সময়ের চেয়ে চলতি অর্থ বছরের একই সময়ে ২ হাজার ১০০ কোটি টাকা কম ব্যয় হয়েছে।

অর্থ বছরের মোট বরাদ্দের হিসেবে এই চার মাসে বাস্তবায়নের হার হয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ। গত অর্থ বছরের একই সময়ে এ হার ছিল প্রায়ই একই, ৭ দশমিক ৯০ শতাংশ।

২০২৩-২৪ অর্থ বছরের প্রথম চার মাসে ৩১ হাজার ৬৯২ কোটি ২৬ লাখ টাকা খরচ করেছিল সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ।

চলতি ২০২৫-২৬ অর্থ বছরের জন্য সরকার এডিপির মাধ্যমে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার।

আইএমইডির তথ্যে দেখা যায়, সবশেষ অক্টোবর মাসে ৭ হাজার ৭২০ কোটি টাকা খরচ করেছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। গত বছরের অক্টোবরে খরছের অঙ্ক ছিল ৮ হাজার ৭৬৩ কোটি টাকা।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার গত ২০২৪-২৫ অর্থ বছরে এডিপিতে ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রেখে বাজেট পাস করেছিল।

অন্তর্বর্তী সরকার সেই এডিপি কমিয়ে ২ লাখ ২৬ হাজার ১৬৪ কোটি টাকায় নামিয়ে এনেছিল। যার মধ্যে খরচ করা হয় ১ লাখ ৫৩ হাজার ৪৫০ কোটি টাকা। যা মোট বরাদ্দের ৬৭ দশমিক ৮৫ শতাংশ। যা ছিল ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। তার আগের অর্থ বছরে (২০২৩-২৪) এই হার ছিল ৮০ দশমিক ৬৩ শতাংশ।

মাঠ পর্যায়ের কাজে ঢিমেতালের পাশাপাশি ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে জোর দেয়।

এতে করে আগের সরকারের নেওয়া অনেক প্রকল্পে অর্থছাড় কমিয়ে দেওয়া হয়। ফলে চলমান অনেক প্রকল্পের কাজও স্থগিত হয়ে যায়। সব মিলিয়ে এডিপির বরাদ্দ করা অর্থ ব্যয় কমে যায়।

সাধারণত অর্থ বছরের প্রথমদিকে এডিপির ব্যয়ের পরিমাণ কম থাকে। ক্ষমতার পট পরিবর্তনের পর গত অর্থ বছরে তা আরও কম বাস্তবায়ন হয়।

এর আগের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এডিপি বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ১৩ দশমিক শূন্য ছয় শতাংশ, ১২ দশমিক ৬৪ শতাংশ এবং ১১ দশমিক ৫৪ শতাংশ।

আইএমইডির প্রতিবেদনে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থ বছরের জুলাই-অক্টোবর সময়ে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত ১৫ মন্ত্রণালয় ও বিভাগের গড় বাস্তবায়নের হার ৯ দশমিক ৭২ শতাংশ।

এই অর্থ বছরের জন্য সরকার ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার যে এডিপি অনুমোদন দিয়েছে, তাতে ৭৪ দশমিক ৫৬ শতাংশই বরাদ্দ পেয়েছে এসব মন্ত্রণালয় ও বিভাগ।

এর মধ্যে শতাংশ হিসাবে সবচেয়ে বেশি ২২ দশমিক ৮৫ বাস্তবায়ন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ দশমিক শূন্য দুই শতাংশ খরচ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তৃতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ৫৭ শতাংশ ব্যয় করেছে সেতু বিভাগ।

এছাড়া স্থানীয় সরকার বিভাগ খরচ করেছে ১৩ দশমিক ৮৫ শতাংশ। কৃষি মন্ত্রণালয় খরচ করেছে ১১ দশমিক ৪০ শতাংশ। পানি সম্পদ মন্ত্রণালয় খরচ করেছে ১৩ দশমিক ৫৫ শতাংশ; বিদ্যুৎ বিভাগ বাস্তবায়ন করেছে ৮ দশমিক ১৪ শতাংশ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ১০ দশমিক ১৮ শতাংশ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৫ দশমিক ৪৩ শতাংশ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৫ দশমিক ১৩ শতাংশ, স্বাস্থ্য সেবা বিভাগ মাত্র ১ দশমিক ১৩ শতাংশ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৭ দশমিক ৪১ শতাংশ এবং নৌপরিবহন মন্ত্রণালয় খরচ করেছে ৭ দশমিক ৮৪ শতাংশ অর্থ ব্যয় করেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found