Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

a1
[publishpress_authors_box]

বাংলাদেশ যেকোনো পর্যায়ের কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে প্রথমবার। অন্তর্বর্তী সরকার ঘোষিত ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের অংশ হিসেবে এবার নারী কাবাডি বিশ্বকাপের আয়োজন। আগামীকাল (১৭ নভেম্বর) ঢাকায় শুরু হচ্ছে এই আসর।

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের আনুষ্ঠানিক ট্রফি আজ উন্মোচন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রবিবার (১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রফিটি উন্মোচন করেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমার তিওয়ারি, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি বাহারুল আলম বিপিএম, সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এবং অংশগ্রহণকারী দলের অধিনায়করা উপস্থিত ছিলেন।

ট্রফি উন্মোচনের মাধ্যমে বহুল প্রতীক্ষিত নারী কাবাডি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হলো, যা একই সঙ্গে আন্তর্জাতিক কাবাডি অঙ্গনকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশের প্রস্তুতিও তুলে ধরে।

 ট্রফি উন্মোচন অনুষ্ঠান শুধু বিশ্বকাপকে সামনে আনার উৎসবই নয়, আন্তর্জাতিক অঙ্গনে নারী খেলাধুলার উন্নয়নে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বও তুলে ধরেছে।

অনুষ্ঠানে বক্তৃতাকালে অধ্যাপক ইউনূস ঢাকায় বিশ্বকাপ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, অনুপ্রেরণাদায়ক ও বিশ্বমানের টুর্নামেন্ট নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এবারের আসরে অংশ নিচ্ছে ১১ দেশ, যার মধ্যে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ ইরান এবং স্বাগতিক বাংলাদেশ। ঢাকায় ইতোমধ্যেই দশ অতিথি দল এসে পৌঁছেছে এবং তাদের সঙ্গে যোগ দিয়েছে স্বাগতিক বাংলাদেশ নারী দল, যারা নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প থেকে টিম হোটেলে উঠেছে।

প্রথম আসর হয়েছিল ভারতের পাটনায়, ২০১২ সালের ১ থেকে ৪ মার্চ পর্যন্ত। সেই আসরে ভারত ফাইনালে ইরানকে ২৫-১৯ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ১৬ দেশ চার গ্রুপে বিভক্ত হয়ে প্রথম আসরে অংশ নিয়েছিল। বাংলাদেশ ‘সি’ গ্রুপে থেকে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল। জাপানের কাছে ১৫-১৭ পয়েন্টে হেরে শেষ হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ অভিযান; আসরে লাল-সবুজরা ছিল পঞ্চম স্থানে।

এবার ঘরের মাঠে বাংলাদেশ দলের সামনে আছে পদক জয়ের হাতছানি। চলতি বছরের মার্চে ইরানে অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জয়ের পর থেকেই দলটি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোচিং স্টাফরা জানিয়েছেন, আগের তুলনায় বাংলাদেশ দল এখন ফিটনেস, কৌশলগত দিক এবং দলীয় সমন্বয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে, যা লাল-সবুজের প্রধান শক্তি হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত