বাংলাদেশে আর্চারির শুরুটা হয়েছিল কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের হাত ধরে। তার দিকনির্দেশনায় বৈশ্বিক প্রতিযোগিতায় ছড়িয়ে পড়েছে বাংলাদেশের নাম। এই ক্রীড়া সংগঠকের হাতেই এখন এশিয়ান আর্চারির দায়িত্ব। বড় জয়ে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন চপল।
শনিবার (৮ নভেম্বর) ঢাকায় হয়েছে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেস ও নির্বাচন। এই নির্বাচনে জিতে সভাপতি হয়ে ইতিহাস গড়েছেন চপল। প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়ান আর্চারির শীর্ষ পদে বসলেন তিনি।
নির্বাচনে দক্ষিণ কোরিয়ান প্রতিদ্বন্দ্বী থমাস হানকে ২৯-৯ ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন চপল। বিদায়ী কমিটির সহ-সভাপতি ছিলেন বাংলাদেশের এই ক্রীড়া সংগঠক।
প্রায় দুই যুগ আগে চপলের হাত ধরে বাংলাদেশে শুরু হয়েছিল আর্চারি। তীর-ধনুকের খেলাটিকে জনপ্রিয় করতে তার ভূমিকা অনেক।
এই খেলায় বাংলাদেশের সাফল্যও কম নয়। রোমান সানা-দিয়া সিদ্দিকীরা বৈশ্বিক প্রতিযোগিতায় সম্মান বয়ে এনেছেন দেশের জন্য।



