প্রায় প্রতিদিনই করোনাভাইরাসে শনাক্ত রোগী সংখ্যা বাড়ছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন আরও ২৬ জন; আগের দিন যা ছিল ২১ জন।
তবে গত ২ দিনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এর আগে টানা ৩ দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর দিয়েছিল অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২৬ জনকে নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত মোট কোভিড আক্রান্ত শনাক্ত হলেন ৪৯৯ জন আর দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হলেন ২০ লাখ ৫২ হাজার ৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৯৯টি, তাতে করে রোগী শনাক্তের হার ৫ দশমিক ২১ শতাংশ আর দেশে মোট রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৪ শতাংশ।
এ পর্যন্ত দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ২৯ হাজার ৫১৮ জনের। আর চলতি বছরে মৃত্যু হলো ১৯ জনের। এই ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন আর খুলনা বিভাগের আছেন ৩ জন। তাদের মধ্যে ১১ জন নারী আর ৮ জন পুরুষ।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) জানিয়েছে, বাংলাদেশে অমিক্রনের দুটি নতুন সাব ভ্যারিয়েন্ট এক্সএফজি ও এক্সএফসির আবির্ভাব হয়েছে, যা সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
স্বাস্থ্য অধিদপ্তর কোভিড সংক্রমণ প্রতিরোধে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার অনুরোধসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে। সব হাসপাতালে করোনার জন্য শয্যা প্রস্তুতের নির্দেশও দিয়েছে। প্রয়োজনে আইইডিসিআরের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে (০১৪০১-১৯৬২৯৩)।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। ২০২০ সালের ৮ মার্চ দেশে তিনজন রোগী শনাক্ত হওয়ার কথা জানায় আইইডিসিআর। ১০ দিন পর ১৮ মার্চে প্রথম মৃত্যুর কথাও জানায় প্রতিষ্ঠানটি।

