Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Beta
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কোভিড : ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ জনের

কোভিড
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

টানা দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যু দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে শনিবার ২ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

একদিনে ৫ জনের মৃত্যু গত ৩ বছরে সর্বোচ্চ। এর আগে ২০২২ সালের ১৮ অক্টোবর ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। ২০২২ সালের ১৮ অক্টোবরের পর থেকে ১ দিনে এটাই সর্বোচ্চ মৃত্যু।  এই ৫ জনকে নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ১৬ জনের। আর এখন পর্যন্ত এই মহামারিতে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হলো ২৯ হাজার ৫১৫ জনের।

গত ১ দিনে মারা যাওয়া ৫ জনের মধ্যে পুরুষ ৪ জন আর নারী ১ জন। তাদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন আর ৯১ থেকে ১০০ বছরের মধ্যে আছেন ১ জন। এই ৫ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগের ৩ জন, ঢাকা আর রাজশাহী বিভাগের আছেন ১ জন করে। তাদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে আর বাকি ৪ জনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিন বলছে, চলতি বছরে যে ১৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৬ জন, চট্টগ্রাম বিভাগের আছেন ৭ জন, খুলনা বিভাগের ৩ জন আর রাজশাহী বিভাগের আছেন ১ জন।  আর এই ১৬ জনের মধ্যে নারী ৯ জন আর পুরুষ ৭ জন। তাদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে, ১১ জনের বেসরকারি হাসপাতালে আর ১ জনের মৃত্যু হয়েছে বাসায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, মোট মৃত্যু হওয়া ২৯ হাজার ৫১৫ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৮২৭ জন আর নারী ১০ হাজার ৬৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে ৬২১ টি; তাতে করে রোগী শনাক্ত হয়েছে ৩৬ জন। চলতি বছরে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৪৩৩ জন আর দেশে এখন পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ আর দেশে মোট রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) জানিয়েছে, বাংলাদেশে অমিক্রনের দুটি নতুন সাব ভ্যারিয়েন্ট এক্সএফজি ও এক্সএফসির আবির্ভাব হয়েছে, যা সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বুধবার কোভিড সংক্রমণ প্রতিরোধে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার অনুরোধসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে। সব হাসপাতালে করোনার জন্য শয্যা প্রস্তুতের নির্দেশও দিয়েছে।

রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। সেইসঙ্গে প্রয়োজনে আইইডিসিআর-এর হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে (০১৪০১-১৯৬২৯৩)।  এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে রেল, মেট্রোরেলে মাস্ক ছাড়া যাতায়াত না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনা সংক্রমণ শুরু হয়। ২০২০ সালের ৮ মার্চ দেশে তিনজন রোগীর শনাক্ত হবার কথা জানায় আইইডিসিআর। ১০ দিন পর ১৮ মার্চে প্রথম মৃত্যুর কথাও জানায় প্রতিষ্ঠানটি। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত