নতুন পরিচয়ে বাংলাদেশে এলেন পিটার হাস, দেখা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।
এক সময় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী পিটার হাস এখন আমেরিকান জ্বালানি কোম্পানি এক্সেলারেট এনার্জির স্ট্রাটেজিক উপদেষ্টা।
তিনি বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দেখা করেন বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানিয়েছেন।
বৈঠকে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
পিটার হাস ২০২২ সালের মার্চ মাস থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পালনের সময় তার সঙ্গে আওয়ামী লীগ সরকারের নানা বিষয়ে দূরত্বের বিষয়টি ছিল বেশ আলোচিত। ২০২২ সালে তিনি গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের আয়োজিত এক অনুষ্ঠানে গিয়ে আওয়ামী লীগ সমর্থকদের রোষের শিকার হয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে এমন খবর এসেছিল যে বাংলাদেশে শেখ হাসিনা সরকার নিয়ে ওয়াশিংটনের যে নীতি, তাতে বিরোধিতা ছিল পিটার হাসের।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগেই ঢাকায় পিটার হাসের দায়িত্ব পালনের অবসান ঘটেছিল।



