Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আপিল বিভাগে নতুন ২ বিচারক

সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট।
[publishpress_authors_box]

সর্বোচ্চ আদালত আপিল বিভাগে যুক্ত হলেন দুই বিচারক। তারা হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

তাদের নিয়ে আপিল বিভাগে এখন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ বিচারকের সংখ্যা সাতজনে দাঁড়াল।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের পর প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আপিল বিভাগে নতুন দুজন বিচারক নিয়োগ দিয়েছেন বলে সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জানানো হয়।

বিচারপতি আসাদুজ্জামান এতদিন হাই কোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারক ছিলেন। তিনি ২০০৩ সালে উচ্চ আদালতে অতিরিক্ত বিচারক হিসাবে নিযুক্ত হন। ২০০৫ সালের অক্টোবরে তার নিয়োগ স্থায়ী হয়।

১৯৫৯ সালে ১ মার্চ জন্ম নেওয়া আসাদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর ১৯৮৩ সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেছিলেন তিনি। ১৯৮৫ সালে তিনি হাই কোর্ট এবং ২০০১ সালে তিনি আপিল বিভাগে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন।

সর্বোচ্চ আদালতের বিচারকদের অবসরের বয়সসীমা ৬৭ বছর হওয়ায় বয়স অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন বিচারপতি আসাদুজ্জামান।  

বিচারপতি ফারাহ মাহবুব সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মাহবুবুর রহমানের মেয়ে। নোয়াখালীর চাটখিলের সাবেক সংসদ সদস্য মাহবুব জাতীয় পার্টি ও বিএনপি সরকার আমলে মন্ত্রী ছিলেন।

ফারাহ মাহবুববের জন্ম ১৯৬৬ সালের ২৭ মে। তিনি আইনে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর ১৯৯২ সালে তিনি আইন পেশায় যোগ দেন।

১৯৯৪ সালে হাই কোর্টে আইনজীবী হিসাবে কাজ শুরু করা ফারাহ মাহবুব আপিল বিভাগের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন ২০০২ সালে।

২০০৪ সালে হাই কোর্টে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান ফারাহ মাহবুব। দুই বছর পর ২০০৬ সালের অক্টোবরে তার নিয়োগ স্থায়ী হয়।

বয়স অনুযায়ী ২০৩৩ সালে ফারাহ মাহবুবের অবসর নেওয়ার কথা।

জ্যেষ্ঠতার বিচারে দুইজনকে ডিঙিয়ে হাই কোর্ট থেকে আপিল বিভাগে নিয়োগ পেলেন ফারাহ মাহবুব। হাই কোর্টে তার চেয়ে জ্যেষ্ঠ বিচারক ছিলেন বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি মামনুন রহমান।

যে অভ্যুত্থানে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তার আঁচ বিচার বিভাগেও লাগে।

আন্দোলনকারীদের দাবির মুখে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের কয়েকজন বিচারক পদত্যাগ করলে সৈয়দ রেফাত আহমেদকে হাই কোর্ট থেকে সরাসরি প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে সর্বোচ্চ আদালত পুনর্গঠন করা হয়।

বর্তমানে প্রধান বিচারপতি ছাড়া আপিল বিভাগে বিচারক হিসাবে রয়েছেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।

শপথ নেওয়ার পর আসাদুজ্জামান ও ফারাহ মাহবুবও তাদের সঙ্গে যোগ দেবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরে সোমবার তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তাদের শপথ অনুষ্ঠানের খবর আসে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে।

তাতে জানানো হয়, প্রধান বিচারপতি মঙ্গলবার সকালে আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে শপথ পড়াবেন।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সেই শপথ অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত

No posts found
No posts found