পাল্লেকেলে স্টেডিয়ামের অনুশীলন তখন শেষ পর্যায়ে। নাজমুল হোসেন শান্ত উঠে যাবেন এমন সময় দেখা গেল ফিজিও বায়েজিদ ইসলামের সঙ্গে লম্বা আলাপ করছেন তিনি।
এই আলাপটা কিসের তা নিয়ে বেশ আগ্রহ হলো। দেখা গেল একটু পরই ফিজিও তার কিট ব্যাগ থেকে বের করছেন বরফের ব্যাগ। সেই ব্যাগ ধরে শান্তকে দেখিয়ে দিলেন কোথায় ধরতে হবে। উরুর একটু পাশে তা ধরবেন শান্ত, অবশ্যই ড্রেসিংরুমে গিয়ে।

শান্ত এই বরফ ব্যাগ হাতে নেওয়া বাংলাদেশ দলের জন্য চিন্তা কারণ হতে পারে। একই সঙ্গে লিটন দাশের জন্য সুযোগ হয়ে আসতে পারে।
৭০ ভাগ ফিট থেকে শান্ত অনুশীলনে এসেছিলেন। বাকি ৩০ ভাগ তার ব্যাটিং দেখে ভাবা যাবে। কিন্তু অনুশীলন শেষে ওই বরফের ব্যাগ এখন শান্তর ভাগ্যাকাশে কালো মেঘ জমিয়ে দিয়েছে।
ওদিকে শান্তর এই ঘটনার পরপরই লিটনকে দেখা গেল বাড়তি অনুশীলন করতে। ব্যাট হাতে আবার নেটে গিয়ে সুইপ শট প্র্যাকটিস করছিলেন। পাশাপাশি কিপিং অনুশীলনও করেছেন। অবশ্য ম্যাচে লিটন কিপিং করেন না। জাকের আলি কিপিং করে থাকেন।
কিন্তু লিটনের এই বাড়তি অনুশীলন আর শান্তর বরফ ব্যাগ তৃতীয় ম্যাচের আগে বাংলাদেশের একাদশ নির্বাচনের জন্য বড় চিন্তা তৈরি করল।



