অসুস্থ বোধ করায় ঢাকার এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন থেকেই সরাসরি হাসপাতালে গেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সোমবার বেলা ৩টার কিছু পরে শেরে বাংলা নগর থেকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি।
সংবাদ সম্মেরনে নিজের শারীরিক অসুস্থতার কথা নিজেই সাংবাদিকদের জানান অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ এই উপদেষ্টা।
এর আগে তিনি চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১৮ শতাংশ কমিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) সংশোধনের খবর দেন।
বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনটি সংক্ষিপ্ত করে উপদেষ্টা দ্রুত উঠতে চাচ্ছিলেন। এসময় সাংবাদিকরা আরও প্রশ্ন করলে তিনি জানান, অসুস্থ বোধ করার পরও হাসপাতালে না গিয়ে সাংবাদিকদের সামনে এসেছেন তিনি।
ওয়াহিদউদ্দিন মাহমদু বলেন, “আমার মৃদু হার্ট অ্যাটাক হয়েছে কীনা সেটা জানার জন্য রক্তের একটি পরীক্ষা করতে আমি এখন হাসপাতালে যাব।”
এসময় পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন বলেন, “স্যার অসুস্থ, ডাক্তার দেখাতে যাওয়ার কথা। আমি জোর করে ১০ মিনিট সময়ের জন্য স্যারকে নিয়ে এসেছি।”
এরপর ৩টা ১০ মিনিটে উপদেষ্টা এনইসি সম্মেলন কেন্দ্র থেকে দ্রুত বের হয়ে গাড়িতে ওঠেন।
তবে তিনি হাসপাতালে পৌঁছেছেন কিনা, কিংবা শারীরিক পরীক্ষা করাতে পেরেছেন কিনা; সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।



