Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
Beta
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

পুলিশের সব অস্ত্র উদ্ধার হয়নি এখনও

সরকার পতনের পর গত বছরের ৫ আগস্ট মোহাম্মদপুর থানায় অগ্নিসংযোগের পর প্রচুর অস্ত্র লুট হয়। ফাইল ছবি
সরকার পতনের পর গত বছরের ৫ আগস্ট মোহাম্মদপুর থানায় অগ্নিসংযোগের পর প্রচুর অস্ত্র লুট হয়। ফাইল ছবি
[publishpress_authors_box]

বছর গড়াতে চললেও জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনস থেকে লুট হওয়া অস্ত্রের পুরোটা এখনও উদ্ধার করা যায়নি।

সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এক সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্র ্উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অস্ত্রগুলো উদ্ধারে অভিযান চলমান।

২০২৪ সালের জুলাই ছাত্র-জনতার আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনীর দমন-পীড়ন চালালে সব ক্ষোভ গিয়ে পড়ে পুলিশের ওপর।

এই আন্দোলন অভ্যুত্থানে রূপ নিয়ে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটালে বিভিন্ন স্থানে থানা, পুলিশ ফাঁড়িতে হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ হয়। তখন প্রচুর অস্ত্র লুট হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, ৫ ও ৬ আগস্ট রাজধানীর বিভিন্ন থানা থেকে ১ হাজার ৮৯৮টি আগ্নেয়াস্ত্র লুট হয়। ভাংচুর ও অগ্নিসংযোগের শিকার হয় ১৮১টি গাড়ি।

এক মা পর ১ হাজার ৯৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর জানানো হয়েছিল পুলিশের পক্ষ থেকে। সর্বশেষ কতটি অস্ত্র উদ্ধার হয়, সেই বিষয়ে কোনও তথ্য পুলিশ দেয়নি।

জাহাঙ্গীর আলম বলেন, “অস্বীকার করার উপায় নাই যে আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে, আমরা তো সব উদ্ধার করতে পারি নাই। এগুলো উদ্ধার করার জন্য আমাদের চেষ্টা সবসময় জারি আছে।”

সন্ত্রাসীদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীর যে বিশেষ অভিযান চলছে, তা জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত চলবে বলে জানান তিনি।

“পুরো দেশব্যাপী বিশেষ অভিযান চলছে। এটা ইলেকশনের আগ পর্যন্তই চলতে হবে।”

আগামী এপ্রিলে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। তবে সব কাজ সারা গেলে নির্বাচন ফেব্রুয়ারিতে এগিয়ে আনা হবে বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বলেছেন, এই অবস্থা বজায় থাকলে সংসদ নির্বাচন ‘খুব ভালোভাবে করা যাবে’।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকের উদ্বেগের বিষয়টি সাংবাদিকরা তুলে ধরলে তিনি বলেন, “কাঙ্ক্ষিত উন্নতি হওয়া, হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারি নাই।

“আমাদের দেশ স্বাধীন হইছে ৫৪ বছর। এই ৫৪ বছরেও যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো এটা কোন মিডিয়া বা সাধারণ পারসেপশনে আছে কোথাও? আমরা তো ওই স্ট্যান্ডার্ডেই কোনও সময় যেতে পারি নাই। আমরা আমাদের লেভেলে থেকে চেষ্টা করে যাচ্ছি, যতটুকু উন্নতি করা যায়।”

পুলিশ কেন মব সন্ত্রাস নিয়ন্ত্রণে কাজ করছে না- এমন অভিযোগের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মব ভায়োলেন্স তো কমছে। এটা আস্তে আস্তে একেবারে ইলিমিনেট হয়ে যাবে। আমরা মব ভায়োলেন্সের ক্ষেত্রে কোনও ধরনের ছাড় দেব না।”

কোনও বিশেষ দলকে পুলিশ বেশি নিরাপত্তা দিচ্ছে কি না- এ প্রশ্নে তিনি বলেন, সবাইকে সমান নিরাপত্তা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “যে একটু বেশি ভালনারেবল, তারে একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়। যে একটু কম ভালনারেবল তারে একটু কম প্রোটেকশন দেওয়া হয়।”

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন ৫ আগস্ট মঙ্গলবার ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

এউপলক্ষে নেওয়া কর্মসূচিতে নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পাঁচই আগস্ট নিয়া কোনও ধরনের আতঙ্কের কোনও কারণই নাই। আল্লায় দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে, সব ভালোভাবে হয়ে যাবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত