স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসন প্রস্তুত রয়েছে।
বাসস জানিয়েছে, রবিবার বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় তিনি জানান, ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে সব বাহিনী প্রস্তুত রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। নির্বাচন সুষ্ঠু হওয়াটা শুধু আইনশৃঙ্খলা বাহিনী উপর নির্ভর করে না, এর সাথে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর ভূমিকাও রয়েছে। তবে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না।
দেশে এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় ডিআইজি মনজুর মোরশেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, পুলিশ সুপার শরিফ উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



