কোটাবিরোধী আন্দোলনে ঢাকার বাড্ডায় অটোরিকশা চালক হাফিজুল শিকদারকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ ছয় জনকে দুই দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জি. এম. ফারহান ইসতিয়াকের আদালত এ আদেশ দেয়।
অপর আসামিরা হলো- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক বিচারপতি আবুল হোসেন শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মহানগর উত্তরের পরিদর্শক রিদুয়ানুল হক তাদের আদালত হাজির করে পাঁচ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে।
মামলায় বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত ২০ জুলাই বাড্ডার প্রগতি সরণি এলাকায় যাত্রীর অপেক্ষায় ছিলেন অটোরিকশা চালক হাফিজুল। এসময় আন্দোলন দমাতে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে মারা যান তিনি।
এ ঘটনায় গত ২১ আগস্ট তার এক আত্মীয় বাড্ডা থানায় হত্যা মামলাটি করেন।
জবি শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় সোলায়মান সেলিম রিমান্ডে
আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
ঢাকার কোতোয়ালি থানার এ মামলায় সোমবার তাদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতে দুই দিন করে মঞ্জুর করে।
মামলায় বলা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ কোর্টের সামনে আসলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেকাকর্মীরা অতর্কিত গুলি চালায়। এতে আহত অনিককে প্রথমে ন্যাশনাল মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত ২১ নভেম্বর ২৫৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলাটি করেন অনিক।



