টেলিকম কোম্পানি রবি আজিয়াটা ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৪ আর্থিক বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করল শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিটি।
এর আগে ২০২৩ সালে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ঘোষণা অনুযায়ী শেয়ারবাজারে এই কোম্পানিতে বিনিয়োগকারীরা প্রতি শেয়ারের জন্য ১ টাকা ৫০ পয়সা লভ্যাংশ পাবেন।
সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি। এতে আরও জানানো হয়, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে রবির মুনাফা দ্বিগুণের বেশি বেড়েছে।
রবি জানায়, ২০২৪ সালে কোম্পানিটির মুনাফা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭০২ কোটি টাকায়। যা ২০২৩ সালে ছিল ৩২০ কোটি টাকা। মুনাফা বাড়ায় লভ্যাংশের পরিমাণও বেড়েছে শেয়ারধারীদের জন্য। ২০২৩ সালে কোম্পানিটি যেখানে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, সেখানে গত বছরের জন্য তা বেড়ে ১৫ শতাংশ হয়েছে।
রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম রিয়াজ রাশিদ বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদী সুবিধা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার মাধ্যমে গ্রাহক সেবার মানোন্নয়নে কাজ করা।
“আমরা একটি পরিবর্তনশীল বাজারে ব্যবসা চালিয়ে যাচ্ছি, পরিচালনগত দক্ষতা ও ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগ করে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরির চেষ্টা করছি আমরা।”
এসময় তিনি ব্যবসা বান্ধব কর নীতির প্রত্যাশার কথা জানিয়ে বলেন, “নিয়ন্ত্রণ কাঠামো ও কর নীতি এমন হওয়া উচিত যাতে সুষম ও প্রতিযোগিতামূলক টেলিকম খাত নিশ্চিত হয় এবং রবির মতো অপারেটররা সামনে এগোনোর সুযোগ পায়।”
সম্প্রতি সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ এবং সিম কর বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন রিয়াজ রশীদ। এতে ডিজিটাল জীবনধারার বিকাশ এবং মানসম্মত ডিজিটাল সেবার ব্যবহার ও প্রসার বাধাগ্রস্ত হবে বলেও আশঙ্কার কথা জানান তিনি।



