Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Beta
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

রিয়ালের পয়েন্ট হারানোর রাতে লেভানদোস্কির হ্যাটট্রিক

l1
[publishpress_authors_box]

চোটের জন্য এক মাস মাঠের বাইরে ছিলেন রবার্ট লেভানদোস্কি। ২ নভেম্বর লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরলেও বদলি নেমে খেলেছেন মাত্র ১৬ মিনিট। ৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগার বিপক্ষেও খেলেছেন বদলি হয়ে। পুরো ফিট হয়ে রবিবার সেলতা ভিগোর বিপক্ষে ছিলেন শুরুর একাদশে।

হ্যাটট্রিক করে বার্সার ৪-২ গোলের জয়ের নায়কও ৩৭ বছরের এই পোলিশ কিংবদন্তি। লা লিগায় এ নিয়ে তৃতীয় হ্যাটট্রিক করলেন লেভানদোস্কি। এই হ্যাটট্রিকে দুই কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস ও আলফ্রেডো ডি স্টেফানোকে মনে করালেন তিনি।

পুসকাস–ডি স্টেফানোর পর তৃতীয় ফুটবলার হিসেবে বয়স ৩৫ বছর পেরোনোর পর লা লিগায় তিনবার হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন লেভা। তার আগের দুই হ্যাটট্রিক ছিল ২০২৪–২৫ মৌসুমে আলাভেস এবং ২০২৩–২৪ মৌসুমে ভ্যালেন্সিয়ার বিপক্ষে।

বার্সার অন্য গোলটি লামিনে ইয়ামালের। এ নিয়ে টানা তিন ম্যাচ গোল করলেন তিনি। মার্কাশ রাশফোর্ড গোল না পেলেও করেছেন জোড়া অ্যাসিস্ট। এবারের লিগে বার্সার সর্বশেষ নয় ম্যাচের আটটিতেই গোলে অবদান রেখেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। লা লিগায় নিজের ৫০তম ম্যাচে এর চেয়ে বেশি কিছু চাইতে পারতেন না কোচ হান্সি ফ্লিক। এই ৫০ ম্যাচের ৩৭টিতেই জিতেছে বার্সা, গোল করেছে ১৩৪টি।

ইনজুরি টাইমের শেষ ৪ মিনিট ১০ জন নিয়ে খেলেছে বার্সা। সেলতার ইগাও আসপাসকে ফাউল করে লাল কার্ড দেখেন ফ্রেঙ্কি ডি ইয়ং।

বার্সা জিতলেও পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়েকানোর বিপক্ষে একের পর এক চেষ্টা করেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে রিয়ালকে। চ্যাম্পিয়নস লিগে আগের ম্যাচে লিভারপুলের কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই হারের স্বাদ ভোলার আগে এবার লা লিগাতেও ধাক্কা খেল তারা।

তারপরও শীর্ষে আছে রিয়াল। ১২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩১, দুইয়ে উঠে আসা বার্সার ২৮। আন্তর্জাতিক ম্যাচের জন্য বিরতিতে যাওয়ার আগে রিয়ালের সঙ্গে ব্যবধানে কমিয়ে আনায় খুশি বার্সা কোচ ফ্লিক, ‘‘বিরতির আগে দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। মাঠে যা দেখলাম, তার জন্য সত্যিই খুশি।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত

No posts found
No posts found