দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রকৌশলী মো. সফি উদ্দিন ও তার স্ত্রী খাদিজা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন (গালিব) এর আদালত এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, মো. সফি উদ্দিনের বিরুদ্ধে টেন্ডারে দুর্নীতিসহ শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট মো. সফি উদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়া থামান প্রয়োজন।
সাবেক ওসি মাজহারের স্ত্রীর ফ্ল্যাট জব্দের আদেশ
যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের স্ত্রী লায়লা খানের নামে ঢাকার বড় মগবাজারে থাকা ৮০ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন (গালিব) এর আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে ওই ভবনে দুইটি গাড়ি পার্কিংয়ের জায়গাও জব্দের আদেশ দেওয়া হয়েছে।
দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে প্রতীয়মান হয়, অভিযুক্ত মাজহারুলের অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তার স্ত্রী লায়লা খানের মালিকানায় আছে। তার স্ত্রী লায়লা খানের নামে থাকা এ ফ্ল্যাটটির মালিকানা পরিবর্তন হওয়ার সম্ভবনা রয়েছে। ফলে এটি জব্দের আদেশ দেওয়া প্রয়োজন।



