মস্কোকে লক্ষ্য করে সোমবার রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। প্রতিক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিতে রাজধানী শহরটির প্রধান বিমানবন্দরগুলো কয়েক ঘণ্টা বন্ধ রাখে রাশিয়া।
ইউক্রেনের বিভিন্ন প্রান্ত থেকে ছোড়া এসব ড্রোনের সবগুলোই ধ্বংস করা হয় এবং হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়েতসিয়া সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, সোমবার সারারাত ধরে ইউক্রেনের ড্রোন হামলার কারণে নিরাপত্তা নিশ্চিত করতে মস্কোর প্রধান চারটি বিমানবন্দর বেশ কয়েক ঘণ্টা বন্ধ করে রাখা হয়। পরে সেগুলোর কার্যক্রম শুরু হয়।
মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইউক্রেনের বিভিন্ন দিক থেকে নিক্ষেপ করা কমপক্ষে ১৯টি ড্রোন মস্কোতে পৌঁছার আগেই ধ্বংস করে ফেলা হয়।
ধ্বংসাবশেষের কিছু অংশ মস্কো শহরে প্রবেশপথের গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের ওপর পড়ে, তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান এই মেয়র।
মস্কোকে লক্ষ্য করে চালানো এই হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইউক্রেন। তবে ইউক্রেনের খারকিভ শহরের মেয়র জানান, খারকিভের পাশাপাশি রাজধানী কিয়েভেও একই সময় ধরে ড্রোন হামলা করে রাশিয়া।
রুশ এই হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এর আগের রাতে অর্থাৎ রবিবারেও মস্কোকে লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালায় বলে জানিয়েছিল রাশিয়া।
তিন বছরের বেশি সময় আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর মস্কোর দিকে কয়েকবার ড্রোন হামলা করে কিয়েভ।
তার মধ্যে সবচেয়ে বড় হামলা হয় এ বছরের মার্চে, তিনজন নিহত হয় সেসময়।



