১৯৯৮ সালের পর প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছে দক্ষিণ আফ্রিকা। কলকাতা টেস্ট জিতে নেমেছে গুয়াহাটির দ্বিতীয় ও শেষ টেস্টে। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ ছিল না। টপ অর্ডারের সবাই মোটামুটি রান পেয়েছেন। এরপরও প্রথম দিন শেষে ভারতই এগিয়ে। কুলদীপ যাদবের চমৎকার বোলিংয়ে স্বস্তি নিয়ে দিন পার করেছে স্বাগতিকরা।
শনিবার (২২ নভেম্বর) গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮১.৫ ওভারে ৬ উইকেটে ২৪৭ রান। আলোর স্বল্পতায় আগেভাগেই শেষ হওয়া প্রথম দিনে ভারত সুবিধাজনক জায়গায়। প্রোটিয়াদের কোনও ব্যাটারকেই ইনিংস বড় করতে দেয়নি তারা। নেতৃত্ব দিয়েছেন কুলদীপ। তার শিকার ৩ উইকেট।
অধিনায়ক পাল্টালেও ভারতের টস ভাগ্য বদলায়নি। নিয়মিত অধিনায়ক শুবমান গিলের অসুস্থতায় টস করতে নামা ঋষভ পন্তও হেরেছেন। এ নিয়ে সর্বশেষ ৯ টেস্টের ৮টিতেই টস হারল ভারত। অবশ্য টসের কোনও প্রভাব পড়েনি কুলদীপের চমৎকার বোলিংয়ে। বাঁহাতি স্পিনারের শিকার রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস ও উইয়ান মুল্ডার।
ব্যাটিং সহায়ক উইকেটে দক্ষিণ আফ্রিকার শুরুটা হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে এইডেন মারক্রাম ও রিকেলটন যোগ করেন ৮২ রান। তবে ৩৮ রান করা মারক্রামের বিদায়ের পরপরই ফিরে যান রিকেলটন। এই ব্যাটার করেন ৩৫ রান। পরে অধিনায়ক তেম্বা বাভুমাকে নিয়ে স্টাবস যোগ করেন গুরুত্বপূর্ণ ৮৪ রান।
দাঁড়িয়ে যাওয়া এই জুটি বাভুমাকে ফিরিয়ে ভাঙেন রবীন্দ্র জাদেজা। প্রোটিয়া অধিনায়ক করেন ৪১ রান। এরপর আবার কুলদীপের আঘাত। তার স্পিনে কাটা পড়ে ৪৯ রানে প্যাভিলিয়নে ফেরেন স্টাবস। পরে ১৩ রান করা মুল্ডারকেও ফিরিয়েছেন কুলদীপ। দিন শেষে অপরাজিত আছেন সেনুরান মুতুসামি (২৫*) ও কাইল ভেরেনি (১*)।
কুলদীপ ১৭ ওভারে ৪৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন জসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ ও জাদেজা।



