টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি। ফাইনাল হবে ৮ মার্চ আহমেদাবাদে। পিটিআই জানিয়েছে, আগামী সপ্তাহে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করতে পারে আইসিসি। এর আগে বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি।
বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ভারতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাইয়ে। শ্রীলঙ্কায় খেলা হবে তিনটি ভেন্যুতে। এর দুটি কলম্বো, আরেকটি পাল্লেকেল্লে।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও হবে সেখানে। তবে পাকিস্তান ফাইনালে উঠলে ফাইনাল ম্যাচটি হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
২০২৪ সালের সংস্করণের মতোই হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট। ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল। প্রতিটি দল একবার করে অন্য দলের সঙ্গে খেলবে।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। সেখানে দুটি গ্রুপে বিভক্ত হবে চারটি করে দল। সুপার এইটে দুটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। পাকিস্তানের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়।



